ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার মধ্যে চূড়ান্ত বাণিজ্য চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার মধ্যে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে। হোয়াইট হাউজ এমন তথ্য জানিয়েছে।

এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে শুল্কহার নির্ধারণ করা হয়েছে ও বাণিজ্যবিষয়ক বাধা দূর করা হয়েছে। এর আগে জুলাই মাসে চুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল।

চুক্তি অনুযায়ী, ইন্দোনেশিয়ার পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১৯ শতাংশ শুল্ক আরোপ করবে। এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির ওপর ৩২ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছিল।

হোয়াইট হাউজের তথ্য অনুয়ায়ী, ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর ওপর স্থানীয় উপাদান ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নেবে। এছাড়া ইন্দোনেশিয়ায় মার্কিন কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে যেসব বাধা রয়েছে, সেগুলো দূর করার পদক্ষেপ নেওয়া হবে।

চুক্তির অংশ হিসেবে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে ৩৩ বিলিয়ন ডলারের জ্বালানি, কৃষিপণ্য ও উড়োজাহাজ-সংক্রান্ত পণ্য কেনার ব্যাপারে সম্মত হয়েছে। এর মধ্যে বোইংয়ের উড়োজাহাজও রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছর বিভিন্ন দেশের সঙ্গে একাধিক বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন। ফেব্রুয়ারিতে তিনি ভারতের সঙ্গে শুল্ক কমানোর চুক্তির কথা জানান। এছাড়া জুলাই ২০২৫–এ জাপানের সঙ্গে একটি বড় বিনিয়োগ চুক্তিও প্রকাশ করা হয়।

তবে ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতির পরও ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্য ঘাটতি নতুন রেকর্ডে পৌঁছেছে। গত বছর দেশটির পণ্যে ঘাটতি দাঁড়িয়েছে ১ দশমিক ২৪ ট্রিলিয়ন ডলারে, যা ১৯৬০ সালের পর সর্বোচ্চ।

সূত্র: এএফপি

এমএসএম