খুলবে রহস্যের জট
অবশেষে এলিয়েন–ইউএফও’র তথ্য প্রকাশ করছে যুক্তরাষ্ট্র
অবশেষে এলিয়েন–ইউএফও’র তথ্য প্রকাশ করছে যুক্তরাষ্ট্র/ প্রতীকী ছবি: পেক্সেলস
এলিয়েন এবং ‘আননোন ফ্লাইং অবজেক্ট বা ইউএফও (অজ্ঞাত উড়ন্ত বস্তু) সংক্রান্ত সরকারি নথি প্রকাশের নির্দেশ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিষয়টি নিয়ে জনসাধারণের ‘তীব্র আগ্রহ’ রয়েছে এবং এটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয়’।
ট্রাম্প বলেন, তিনি পেন্টাগনের প্রধান পিট হেগসেথসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নথি প্রকাশের নির্দেশ দেবেন।
এর আগে, জর্জিয়ায় যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এলিয়েন প্রসঙ্গে কথা বলতে গিয়ে শ্রেণিবদ্ধ তথ্য প্রকাশ করে ‘বড় ভুল’ করেছেন।
আরও পড়ুন>>
ইরানে হামলার জন্য ‘প্রস্তুত’ যুক্তরাষ্ট্র, অপেক্ষা কীসের?
পারস্য উপসাগরে বিশেষ ‘গুপ্তচর’ ড্রোন ওড়ালো যুক্তরাষ্ট্র
মার্কিন সেনাবাহিনীর শীর্ষ উপদেষ্টাকে অপসারণের কারণ কী?
তার দাবি, ‘তিনি শ্রেণিবদ্ধ তথ্যের বাইরে এটি এনেছেন… এটা তার করা উচিত ছিল না।’
তবে ওবামার বক্তব্যে শ্রেণিবদ্ধ তথ্য প্রকাশের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
এরিয়া ৫১ বিতর্ক
গত শনিবার প্রকাশিত এক পডকাস্ট সাক্ষাৎকারে উপস্থাপক ব্রায়ান টাইলার কোহেন ওবামাকে জিজ্ঞেস করেন, এলিয়েন কি সত্যি?
জবাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ওরা বাস্তব, কিন্তু আমি তাদের দেখিনি এবং তাদের এরিয়া ৫১–এ লুকিয়ে রাখা হয়নি।’
এরিয়া ৫১ হলো নেভাদায় অবস্থিত একটি গোপন বিমানঘাঁটি, যা নিয়ে দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্রতত্ত্ব প্রচলিত রয়েছে। ২০১৩ সালে প্রকাশিত সিআইএ আর্কাইভে বলা হয়, এটি মূলত গোপন গোয়েন্দা প্লেন পরীক্ষার কেন্দ্র ছিল।
রোববার ইনস্টাগ্রাম পোস্টে ওবামা বলেন, তার প্রেসিডেন্সির সময় এলিয়েনদের পৃথিবীতে যোগাযোগের কোনো প্রমাণ তিনি দেখেননি। তবে মহাবিশ্বের বিশালতার কারণে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
পেন্টাগনের তদন্ত
সাম্প্রতিক বছরগুলোতে পেন্টাগন ইউএফও–সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন তদন্ত করেছে। ২০২২ সালে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা জানান, এলিয়েনরা পৃথিবীতে এসেছে বা এখানে বিধ্বস্ত হয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
২০২৪ সালে পেন্টাগনের এক প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পরিচালিত সরকারি তদন্তে এলিয়েন প্রযুক্তির কোনো প্রমাণ মেলেনি। অধিকাংশ ক্ষেত্রে ইউএফও দেখার দাবি ছিল সাধারণ বস্তু বা প্রাকৃতিক ঘটনার ভুল শনাক্তকরণ।
ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনসের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, বিভিন্ন সংগ্রহে ইউএফও–সংক্রান্ত নথি সংরক্ষিত আছে।
ট্রাম্প অবশ্য নিজেও স্বীকার করেছেন, এলিয়েনের অস্তিত্ব আছে কি না—তা তিনি নিশ্চিত নন। তার কথায়, ‘ওরা বাস্তব কি না, আমি জানি না।’
সূত্র: রয়টার্স
কেএএ/