ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে সামরিক অভিযানকালে কর্নেলসহ ২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক অভিযানের সময় এক বিস্ফোরকবোঝাই মোটরসাইকেল হামলায় লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় শনিবার এ ঘটনা ঘটে। অভিযানের সময় এক হামলাকারী বিস্ফোরকভর্তি মোটরসাইকেল নিয়ে নিরাপত্তা বাহিনীর বহরে থাকা একটি গাড়িতে আঘাত হানে।

সামরিক বাহিনীর দাবি, অভিযানে অন্তত পাঁচজন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে একজনকে আত্মঘাতী বোমারু হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অগ্রবর্তী নিরাপত্তা দল হামলাকারীকে থামিয়ে দেয়, ফলে বেসামরিক নাগরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলার চেষ্টা ব্যর্থ হয় এবং বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

সেনাবাহিনী হামলাকারীদের খাওয়ারিজ বলে উল্লেখ করেছে—যে শব্দটি তারা নিষিদ্ধ সংগঠনগুলোর জন্য ব্যবহার করে। এর মধ্যে রয়েছে পাকিস্তান তালেবান।

ইসলামাবাদ বারবার অভিযোগ করেছে, কাবুলের তালেবান প্রশাসন টিটিপিকে আশ্রয় দিচ্ছে। যদিও কাবুল এ অভিযোগ অস্বীকার করেছে। গত বছরের অক্টোবরে দুই দেশের মধ্যে সংক্ষিপ্ত সীমান্ত সংঘর্ষও হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, এই জঘন্য ও কাপুরুষোচিত হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে পাকিস্তান কোনো সংযম দেখাবে না এবং তাদের অবস্থান নির্বিশেষে অভিযান অব্যাহত থাকবে।

আরও বলা হয়, আমাদের সাহসী সেনাদের এই আত্মত্যাগ জাতির নিরাপত্তা রক্ষায় আমাদের অটল অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

বান্নু জেলা দীর্ঘদিন ধরেই সহিংসতার কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা বাহিনী ও পুলিশ চৌকিতে একাধিক হামলা হয়েছে।

২০২২ সালের শেষ দিকে টিটিপি সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে প্রদেশজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে।

এর আগে চলতি সপ্তাহেই প্রদেশটিতে দুটি বোমা হামলা ও পুলিশ-বিদ্রোহীদের মধ্যে গোলাগুলিতে এক ডজনের বেশি মানুষ নিহত হন। বাজাউর জেলায় এক হামলায় এক শিশুসহ ১১ নিরাপত্তা সদস্য নিহত এবং নারী-শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন বলে জানায় সামরিক বাহিনী।

সূত্র: আল-জাজিরা

এমএসএম