ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২১ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বিশ্বাসযোগ্য ও শক্তিশালী এআই গড়ার আহ্বান বৈশ্বিক সম্মেলনে

যুক্তরাষ্ট্র ও চীনসহ কয়েক ডজন দেশ শনিবার এক বৈশ্বিক সম্মেলনের ঘোষণাপত্রে নিরাপদ, বিশ্বাসযোগ্য ও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গড়ে তোলার আহ্বান জানিয়েছে। তবে সমালোচকদের মতে, জনসাধারণকে সুরক্ষিত রাখতে ঘোষণাটি অতিরিক্ত সাধারণ ও অস্পষ্ট।

পশ্চিম তীরে ইসরায়েলের দখল জোরদার, গভীর সংকটে ফিলিস্তিন কর্তৃপক্ষ

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়ে গেছে উল্লেখযোগ্য হারে। উত্তর-পূর্বে অবস্থিত আল-মুঘাইয়ির গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান চলছে এবং বসতি স্থাপনকারীরা নতুন আউটপোস্ট গড়ে কৃষিজমি দখল করছে।

খনিজখাতে ভারত ও ব্রাজিলের চুক্তি, ২০ বিলিয়ন ডলার বাণিজ্যের আশা

ভারত ও ব্রাজিল খনিজ ও খননখাতে সহযোগিতা বাড়াতে একটি চুক্তি সই করেছে। বৈশ্বিক কাঁচামাল প্রতিযোগিতার প্রেক্ষাপটে দেশের ক্রমবর্ধমান ইস্পাত চাহিদা পূরণ ও উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে ভারত।

পাকিস্তানে সামরিক অভিযানকালে কর্নেলসহ ২ সেনা নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক অভিযানের সময় এক বিস্ফোরকবোঝাই মোটরসাইকেল হামলায় লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা দেশগুলো এখন ১০ শতাংশ শুল্ক দেবে

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করা দেশগুলোকে এখন ১০ শতাংশ শুল্ক দিতে হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

মার্কিন সামরিক প্রস্তুতি অপ্রয়োজনীয় ও অকার্যকর: ইরান

যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি অপ্রয়োজনীয় ও অকার্যকর বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানে প্রস্তুত এবং একটি সম্ভাব্য চুক্তি এখনও নাগালের মধ্যেই রয়েছে।

ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা

যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে টেনে নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার উপদেষ্টা এবং রাজনৈতিক সহযোগীরা সতর্ক করে বলেছেন, বিদেশে যুদ্ধের চেয়ে নিজ দেশের অর্থনৈতিক উদ্বেগ এবং ভোটারদের সমস্যার দিকে তার বেশি মনোযোগ দেওয়া উচিত। বিশেষ করে চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে সামরিক উত্তেজনা দলের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় ইরান কেন সংঘাতের পথ বেছে নিতে পারে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অব্যাহতভাবে বাড়ছে। এটি এখন আর শুধু সংকেত নয়, বরং প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। ইরানি জলসীমার কাছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের স্ট্রাইক গ্রুপের উপস্থিত হওয়াকেই একটি গুরুতর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারতে ৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে দম্পতির মৃত্যুদণ্ড

ভারতে এক দশক ধরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ও তার ভিডিও ডার্ক ওয়েবে বিক্রির দায়ে এক দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উত্তর প্রদেশের একটি আদালত এই রায় ঘোষণা করেন।

জর্ডানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের রণসজ্জা, নতুন ছবিতে মিললো প্রমাণ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে জর্ডানের মধ্যাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটি। ঘাঁটিটির নাম মুয়াফফাক সালতি।

এমএসএম