পশ্চিমবঙ্গে রমজানে বেড়েছে ফলের চাহিদা, দাম চড়া
পশ্চিমবঙ্গে রমজানে বেড়েছে ফলের চাহিদা
পবিত্র রমজান মাসে পশ্চিমবঙ্গের ফলের বাজারগুলোতেও ধর্মপ্রাণ মুসল্লিদের কেনাকাটা চলছে। বছরের অন্য সময়ের চেয়ে রমজান মাসে ফলের দাম একটু বেশিই থাকে। ফলে ফল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।
রমজানের সবচেয়ে বেশি চাহিদা থাকে খেজুরের। নানা জাতের খেজুরের পাশাপাশি রয়েছে কলা, তরমুজ, সবেদা, আঙ্গুর, আপেল, পেঁপে, পেয়ারা, কমলা লেবু, মোসম্ব, ডালিমসহ হরেক রকমের ফল। এর পাশাপাশি চাহিদা রয়েছে কাজুবাদাম, পেস্তা, কিসমিস, আখরোটসহ ড্রাই ফুটস ও সেমুইয়ের।
কলকাতার অন্যতম ফল বাজার খিদিরপুর বাজার। একবালপুর, মোমিনপুর, ওয়াটগঞ্জ, আরফানগঞ্জ জামালপাড়া সহ পার্শ্ববর্তী সমস্ত এলাকার মুসলিমরা এই বাজারে এসে কেনাকাটা করেন।
সেখানে ফল কিনতে আসা এক ব্যক্তি জানান, আমরা দেখেছি রমজানের সময় জিনিসের দাম বাড়িয়ে দেয়। সে ক্ষেত্রে সরকারের উচিত একটু নজর দেওয়া। তবে আমরা যেহেতু নিয়মিত কাস্টমার তাই হয়তো খুব একটা অসুবিধা হয় না।।
এক ফল বিক্রেতা জানালেন, গত বছরের তুলনায় ফলের দাম সামান্য বাড়লেও, তা মানুষের ক্রয় সাধ্যের মধ্যেই রয়েছে।
অন্য আরেক ফল বিক্রেতা জানান, দাম সেভাবে বাড়েনি। আঙ্গুর ২০০ রুপি প্রতি কেজি, পেঁপে ৮০ রুপি কেজি, তরমুজ ৬০ রুপি কেজি, কলা ৭ রুপি (১২ পিস), শসা ৮০ রুপি প্রতি কেজি, দার্জিলিং এর কমলালেবু প্রতি জোড়া ৪০ রুপি, আপেল ২০০ রুপি প্রতি কেজি।
এই পবিত্র রমজান মাসে শুরু থেকে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ফলের দাম একটু বেশি। চাহিদা অনুযায়ী জোগান কম থাকায় তাই রমজান মাসের শুরুতেই কলকাতার বাজারে ফলের দাম একটু বেশি।
ডিডি/এমএসএম