‘বাংলাদেশি বয়কট’ থেকে সরে আসলেন শিলিগুড়ির হোটেল মালিকরা
‘বাংলাদেশি বয়কট’ থেকে সরে আসলেন শিলিগুড়ির হোটেল মালিকরা
বাংলাদেশে নতুন সরকার গঠন হওয়ার পরেই বাংলাদেশি বয়কট থেকে সরে আসলেন শিলিগুড়ির হোটেল মালিকরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্তের কথা জানায় শিলিগুড়ির হোটেল মালিকদের সংগঠন শিলিগুড়ির হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন।
এই ঘোষণার ফলে দীর্ঘ প্রায় ১৩ মাস পর আবারও বাংলাদেশি পর্যটকদের জন্য শিলিগুড়ির সব হোটেলের দরজা খুললো।
এদিন গ্রেটার শিলিগুড়ির হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সংগঠন যুগ্ম সম্পাদক উজ্জল ঘোষ বলেন, ২০২৪ সালের ৯ ডিসেম্বর থেকে আমরা বাংলাদেশি নাগরিকদের শিলিগুড়িতে হোটেলে রুম দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। ভারতের পতাকাকে যেভাবে অপমান করা হয়েছিল এবং আমাদের দেশ নিয়ে উত্তেজক বক্তব্য দেওয়া হচ্ছিল তার প্রতিবাদে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপরও মানবিকতার খাতিরে যারা মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসায় আসবে, তাদের কিছু কিছু হোটেলে রাখার ব্যবস্থা করা হয়।
তিনি আরও বলেন, সম্প্রতি আমরা দেখেছি, ভারত সরকার বাংলাদেশে সব ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। সে কারণে আমরাও বাংলাদেশি বয়কটের ঘোষণা দিয়েছিলাম।
উজ্জল ঘোষ আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন হয়েছে। এরপর সেখানে গণতান্ত্রিক একটি সরকার শপথ নিয়েছে। শপথ নেওয়ার পর আমরা দেখতে পারছি, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি সুসম্পর্ক গড়ে ওঠার দিকে এগোচ্ছে। তার ফলে ভারত থেকে বাংলাদেশিদের ফের ভিসা দেওয়া চালু হয়েছে। আমাদের কাছে খবর এসছে, নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশে যাওয়া মিতালী এক্সপ্রেস ট্রেনটি খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে বাংলাদেশ বয়কটের ডাক দিয়েছিলাম, সেই বয়কটটা তুলে নিচ্ছি।
তিনি বলেন, এরই মধ্যে বাংলাদেশ বয়কটের সিদ্ধান্ত থেকে আমরা যে সরে এসেছি, সে বিষয়ে শিলিগুড়ি পুলিশকে ইমেইল করে জানিয়ে দেওয়া হয়েছে।
ডিডি/কেএএ/