ভারতে অস্বাভাবিক গরমের আশঙ্কা, ঝুঁকিতে শস্য উৎপাদন
ভারতে অস্বাভাবিক গরমের আশঙ্কা, ঝুঁকিতে শস্য উৎপাদন। ছবি: এএফপি (ফাইল)
ভারতে চলতি বছরের মার্চ মাসে অস্বাভাবিকভাবে তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে আবহাওয়া দপ্তরের সূত্র জানিয়েছে। দেশটির প্রধান গম ও সরিষা উৎপাদনকারী রাজ্যগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা ফলনে প্রভাব ফেলতে পারে।
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক এবং ভোজ্যতেল আমদানিতে শীর্ষ দেশ। ২০২৬ সালে রেকর্ড পরিমাণ ফলনের আশা করছে সরকার, যাতে উদ্বৃত্ত গম রপ্তানি করা যায় এবং পাম, সয়াবিন ও সূর্যমুখী তেল আমদানি কমানো সম্ভব হয়।
তবে বিশেষজ্ঞরা বলছেন, শস্যের দানা ভরাট ও পরিপক্বতার গুরুত্বপূর্ণ সময়ে তাপমাত্রা বেশি থাকলে ফলন কমে যেতে পারে। এতে সম্ভাব্য রেকর্ড উৎপাদনও কমে আসতে পারে।
আইএমডি-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে মার্চে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি থাকতে পারে।
পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ এবং মধ্য প্রদেশের কিছু অংশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সর্বোচ্চ ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে। এই রাজ্যগুলো মিলেই ভারতের মোট গম ও সরিষা উৎপাদনের ৮০ শতাংশের বেশি জোগান দেয়।
শীতকালীন ফসল যেমন গম, সরিষা ও ছোলা সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বপন করা হয়। সঠিক ফলনের জন্য পুরো বৃদ্ধি পর্যায়ে ঠান্ডা আবহাওয়া প্রয়োজন।
২০২২ সালে ফেব্রুয়ারি ও মার্চে অস্বাভাবিক গরমের কারণে গমের ফলন ক্ষতিগ্রস্ত হয়। তখন সরকার গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয়।
মুম্বাইভিত্তিক ব্রোকারেজ প্রতিষ্ঠান ফিলিপ ক্যাপিটাল ইন্ডিয়া-এর পণ্য গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট অশ্বিনী বানসোদ বলেন, মার্চের প্রথমার্ধজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে ফসলের ওপর তাপজনিত চাপ আরও বাড়তে পারে।
আবহাওয়া দপ্তরের আরেক কর্মকর্তা জানান, আগামী কয়েক দিনের মধ্যে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং মার্চের শেষ নাগাদ অনেক রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এতে বিদ্যুতের চাহিদাও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বছর কৃষকেরা রেকর্ড পরিমাণ জমিতে গম ও সরিষার চাষ করেছেন। এখন আবহাওয়ার ওপরই নির্ভর করছে প্রত্যাশিত ফলন।
সূত্র: রয়টার্স
এমএসএম