ইরানে ২৪ হাজারের বেশি বেসামরিক স্থাপনায় হামলা
ছবি: আনাদোলু এজেন্সি
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশজুড়ে ২৪ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রদান পির-হোসাইন কোলিভান্দ এসব তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা–কে তিনি জানান, এখন পর্যন্ত বিভিন্ন খাতের মোট ২৪ হাজার ৫৩১টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৭৭৫টি আবাসিক ভবন।
কোলিভান্দ বলেন, হামলায় ৪ হাজার ৫১১টি বাণিজ্যিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জন্য বড় ধরনের অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে।
তিনি আরও জানান, হামলায় ৬৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় অন্তত ১৫৪ জন নিহত এবং ১৯৫ জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মিনাবের শাহজারাহ তায়্যিবাহ স্কুলে চালানো মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬৮ জন শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
এদিকে প্রাথমিক বিদ্যালয়ে চালানো ক্ষেপণাস্ত্র হামলা একটি ‘ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ’ এবং এর দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে ইরান।
কেএম