ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

নেপালে বড় জয় পেয়ে ইতিহাস গড়েছে বালেন্দ্র শাহ’র দল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:১২ পিএম, ১৪ মার্চ ২০২৬

নেপালে জেন-জিদের বিক্ষোভের পর সাবেক র‍্যাপারের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি) নির্বাচনে জয়ী হয়ে নতুন ইতিহাস গড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তিন বছরের এই দলটি নেপালের সাধারণ নির্বাচনে ভূমিধস জয়লাভ করেছে। দলের প্রধান বলেন্দ্র শাহ নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। খবর রয়টার্সের।

২০২৪ সালের সেপ্টেম্বরে জেন-জি তরুণদের নেতৃত্বে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভের পর গত ৫ মার্চ প্রথমবারের মতো ভোট দেয় নেপাল। ওই বিক্ষোভে ৭৭ জন নিহত হয় এবং তৎকালীন সরকারের পতন ঘটে।

দেশটির সংবিধান বিশেষজ্ঞ পূর্ণ মান শাক্য বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে, আমরা আশা করতে পারি যে এটি পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল সরকার দিতে পারবে।

নির্বাচন কমিশন বৃহস্পতিবার জানিয়েছে যে, বালেন্দ্র শাহ’র রাষ্ট্রীয় ⁠স্বতন্ত্র পার্টি (আরএসপি) ২৭৫টির মধ্যে ১৮২টি আসনেই জয়লাভ করেছে, যা ছয় দশকেরও বেশি সময়ের মধ্যে যেকোনো দলের জন্য সবচেয়ে বড় জয়।

বিজয়ী আরএসপির নবনির্বাচিত আইনপ্রণেতা এবং জ্যেষ্ঠ নেতা শিশির খানাল বলেন, এই জয়ে আমরা উৎসাহিত। এই ম্যান্ডেট আমাদের অত্যন্ত দায়িত্বশীল করে তুলেছে।

নির্বাচনে দেশটির প্রাচীনতম দল নেপালি কংগ্রেস মাত্র ৩৮টি আসনে জয় পেয়েছে। অপরদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলির কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন–ইউএমএল) মাত্র ২৫টি আসনে জিতেছে।

এই নির্বাচনে রাজধানী কাঠমান্ডুর প্রাক্তন মেয়র শাহ বেশ আধিপত্য দেখিয়েছেন। সাবেক এই র‌্যাপার গত জানুয়ারি পর্যন্ত নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র ছিলেন এবং প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অন্য প্রার্থীদের সঙ্গে, যাদের মধ্যে ছিলেন কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউএমএল) সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং নেপালি কংগ্রেসের গগন থাপা।

বালেন্দ্র শাহ কে?
বালেন্দ্রা শাহ নাম হলেও স্থানীয়ভাবে বালেন নামে পরিচিত ৩৫ বছর বয়সী এই নেতা অবকাঠামো প্রকৌশলী হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন এবং কয়েক বছর ধরে নেপালের হিপ হপ অঙ্গন ‘নেফপ’র সক্রিয় সদস্য ছিলেন।

তিনি বহু গান প্রকাশ করেছেন, যেগুলোর বেশিরভাগই সামাজিক বার্তাধর্মী। এর মধ্যে অন্যতম পরিচিত গান ‘বালিদান’ যা ইউটিউবে মিলিয়ন ভিউ পেয়েছে।

গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে যে বিক্ষোভ শুরু হয়েছিল, পরে যা দুর্নীতি, বেকারত্ব এবং অর্থনৈতিক স্থবিরতার ক্ষোভে পরিণত হয়, সে সময় দেশের তরুণদের মধ্যে শাহের জনপ্রিয়তা আরও বেড়ে যায়।

তার দল আরএসপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই, কর্মসংস্থান সৃষ্টি এবং পাঁচ বছরে ৪২ বিলিয়ন ডলারের অর্থনীতি দ্বিগুণ করার জন্য একটি কর্মসূচির প্রচারণা চালিয়েছে।

টিটিএন