ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গে বিজেপির ১৪৪, বামফ্রন্টের ১৯২ আসনে প্রার্থী ঘোষণা

পশ্চিমবঙ্গ প্রতিনিধি | প্রকাশিত: ০৭:৩২ পিএম, ১৭ মার্চ ২০২৬

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি এবং বামফ্রন্ট।

গত সোমবার (১৬ মার্চ) দিল্লি থেকে এক প্রেস বিবৃতিতে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, পশ্চিমবঙ্গে ২৯৪ আসনের বিধানসভা নির্বাচন দুই দফায় সম্পন্ন হবে।

এরপর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ২৯৪টি আসনের মধ্যে ১৪৪টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে। পাশাপাশি বামফ্রন্ট ১৯২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে।

বিজেপির প্রার্থী তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শিলিগুড়ি কেন্দ্রের শঙ্কর ঘোষ, হরিণঘাটা কেন্দ্রের অসীম সরকার, মুসলিম অধ্যুষিত আমডাঙ্গা কেন্দ্রে অরিন্দম দে এবং কলকাতার রাসবিহারী কেন্দ্রে অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। সাবেক ক্রিকেটার অশোক দিন্দা এবং রাজ্যের সাবেক সভাপতি দিলীপ ঘোষকেও প্রার্থী করেছে বিজেপি।

তবে প্রথম দফার প্রার্থী তালিকায় সবচেয়ে আলোচিত নাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে দুটি আসনে প্রার্থী করা হয়েছে—দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী।

সেই নির্বাচনে প্রায় দুই হাজার ভোটে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা ব্যানার্জী। পরে দক্ষিণ কলকাতার ভবানীপুর উপনির্বাচনে জয়ী হয়ে তিনি আবার মুখ্যমন্ত্রী হন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলতি বছরের বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন মমতা ব্যানার্জী।

অন্যদিকে, বামফ্রন্টের প্রার্থী তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন—কলকাতার যাদবপুর কেন্দ্রে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কামারহাটি কেন্দ্রের মানস মুখার্জি, উত্তরপাড়া কেন্দ্রের মীনাক্ষী মুখার্জি, দমদম উত্তর কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী দীক্ষিত ধর এবং কলকাতা বন্দর কেন্দ্রে ফইয়াজ খান।

এছাড়াও রয়েছেন কালিয়াগঞ্জ উপনির্বাচনে বোমা হামলায় নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন। তিনি এবার কালিয়াগঞ্জ কেন্দ্র থেকে বামফ্রন্টের প্রার্থী হয়েছেন।

তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভবানীপুর কেন্দ্র কিংবা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম কেন্দ্রে বামফ্রন্ট এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি।

ডিডি/কেএএ/