ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২২ মার্চ ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২২ মার্চ ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

হাদি হত্যাকাণ্ড জামায়াত-বিএনপির চাল হতে পারে, দাবি ফয়সালের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড জামায়াত-বিএনপির চাল হতে পারে বলে দাবি করেছেন এই মামলার অন্যতম প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। রোববার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের একটি আদালতে তোলার সময় সংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

একাত্তরে বাংলাদেশে গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। গত ২০ মার্চ প্রতিনিধি পরিষদে এ প্রস্তাব উত্থাপন করেন পরিষদের সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবটি বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়েছে।

হরমুজ দ্বীপের কাছে এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজ দ্বীপের কাছে একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। রোববার (২২ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ এবং মেহর নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম
হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুট খুলে না দিলে ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইরানের হামলায় ঘরছাড়া প্রায় ৩ হাজার ইসরায়েলি
ইরানের অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে প্রায় তিন হাজার ইসরায়েলি নাগরিক। এই বাস্তুচ্যুত লোকদের সহায়তা প্রদানের তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সমাজকল্যাণ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়।

‘ইরান লন্ডনে হামলা চালাবে’ এমন খবরের সত্যতা পায়নি যুক্তরাজ্য
ইরানের কাছে লন্ডনে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে- ইসরায়েলের এমন দাবির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন যুক্তরাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী।

বাহরাইনে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্র ইরানের নয়, যুক্তরাষ্ট্রের: প্রতিবেদন
ইরান যুদ্ধের ১০তম দিন ৯ মার্চ ভোরে বাহরাইনে ঘটে যাওয়া বিস্ফোরণে যে ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছিল, তা সম্ভবত যুক্তরাষ্ট্র পরিচালিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল। এমনটাই উঠে এসেছে একদল একাডেমিক গবেষকের বিশ্লেষণে। বিশ্লেষণটি পর্যালোচনা করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সৌদির রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও ক্ষেপণাস্ত্রগুলো ঠিক কাদের, তা জানায়নি সৌদি।

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬
কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত দায়িত্ব পালনের সময় ‘কারিগরি ত্রুটির’ কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

ইরান যুদ্ধে বিশ্বজুড়ে বিমান সংস্থাগুলোর ক্ষতি ৫ হাজার কোটি ডলারের বেশি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধে বিশ্বজুড়ে বড় ধাক্কা খেয়েছে বিমান শিল্প। বিশ্বের শীর্ষ ২০টি তালিকাভুক্ত বিমান সংস্থার বাজারমূল্য প্রায় ৫৩ বিলিয়ন বা ৫ হাজার ৩০০ ডলার কমে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমস।

কেএএ/এএসএম