ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ মার্চ ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:০৪ পিএম, ২৩ মার্চ ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনায় দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। সোমবার (২৩ মার্চ) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এই দাবি করেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একজন ‘সম্মানিত’ ইরানি নেতার সঙ্গে আলোচনা করেছে। তিনি আরও দাবি করেন, আলোচনার জন্য যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই তার সঙ্গে যোগাযোগ করেছে।

ইরানের হামলায় তছনছ ইসরায়েল, প্রশ্নের মুখে ‘নিশ্ছিদ্র’ প্রতিরক্ষা

দক্ষিণ ইসরায়েলের দিমোনা শহর থেকে মাত্র আট মাইল দূরে অবস্থিত দেশটির প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র ও রিয়্যাক্টর। ইসরায়েলের অন্যতম সুরক্ষিত এই অঞ্চলের আকাশসীমায় ফাটল ধরিয়ে আছড়ে পড়েছে ইরানের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দিমোনা এবং নিকটবর্তী আরাদ শহরের আবাসিক এলাকায় এই ক্ষেপণাস্ত্রের আঘাতে দম্ভ চূর্ণ হয়েছে ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার।

ইরান যুদ্ধের ফলে ভারতের সামনে ‘অভূতপূর্ব চ্যালেঞ্জ’ তৈরি হয়েছে: মোদী

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে ভারতের সামনে ‘অভূতপূর্ব চ্যালেঞ্জ’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসব চ্যালেঞ্জ অর্থনৈতিক, জাতীয় নিরাপত্তা ও মানবিক- সব দিক থেকেই গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। সোমবার (২৩ মার্চ) ভারতীয় সংসদের নিম্নকক্ষ- লোকসভার অধিবেশনে এসব উদ্বেগ প্রকাশ করেন মোদী।

সমঝোতার ইঙ্গিত ট্রাম্পের, ইরানের জ্বালানি কাঠামোতে হামলা বন্ধের ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে ইরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ শুরু হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প জানান, আলোচনার সুযোগ দিতে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর পরিকল্পিত হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন।

ইরানে বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, কমলো তেলের দাম

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। সোমবার (২৩ মার্চ) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমেছে।

সৌদিতে মার্কিন বিমানঘাঁটি-বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি ইরানের

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার (২৩ মার্চ) আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র এই তথ্য জানান।

বিশ্ববাজারে সোনার দামে ৪৩ বছরের সবচেয়ে বড় পতন

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং বিশ্বজুড়ে সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে সোনার দামে ঐতিহাসিক ধস নেমেছে। সোমবার (২৩ মার্চ) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ৫ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২২৬ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। গত ১১ ডিসেম্বরের পর এটিই সোনার সর্বনিম্ন দাম।

বর্তমান জ্বালানি সংকট সত্তরের দশকের জোড়া আঘাতের চেয়েও গুরুতর

বিশ্ব বর্তমানে যে জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তা ১৯৭০-এর দশকের ভয়াবহ দুটি তেল সংকট এবং ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের সম্মিলিত প্রভাবকেও ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরল সোমবার (২৩ মার্চ) অস্ট্রেলিয়ায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

যৌন নিপীড়নের অভিযোগ থেকে মুক্তি পেলেন আইসিসির চিফ প্রসিকিউটর

যৌন নিপীড়নের অভিযোগ থেকে পুরোপুরি অব্যাহতি পেয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম খান। জাতিসংঘের একটি তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে গঠিত তিন সদস্যের একটি বিচারক প্যানেল তাকে সব দায় থেকে মুক্তি দিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে কঠিন ৪ পথ, নেই সহজ সমাধান

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ যখন চতুর্থ সপ্তাহে পা দিয়েছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল যেন ফ্লোরিডার আবহাওয়ার মতোই অনিশ্চিত হয়ে পড়েছে। গত শুক্রবার যেখানে তিনি যুদ্ধ ‘গুটিয়ে আনার’ ইঙ্গিত দিয়েছিলেন, ঠিক তার পরের দিনই ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। বিশ্লেষকদের মতে, ইরান কর্তৃক হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার বিষয়টি আগেভাগে আঁচ করতে না পারায় মার্কিন রণকৌশল এখন খেই হারিয়ে ফেলেছে।

এসএএইচ