ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

মিশরে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার করলো মার্কিন কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২৪ মার্চ ২০২৬

মিশরের পশ্চিমে অবস্থিত কালাবশা অঞ্চলে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। মার্কিন সংস্থা অ্যাপাচি এ নতুন প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করেছে বলে মঙ্গলবার (২৪ মার্চ) মিশরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানিয়েছে। কূপটি থেকে প্রত্যাশিত দৈনিক উৎপাদন প্রায় ২৬ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস।

মিশরে নতুনভাবে খনন করা এসকেএএল-ওয়ান এক্সেল অনুসন্ধান কূপ থেকে দৈনিক ২,৭০০ ব্যারেল কনডেনসেট গ্যাস উৎপাদনের আশা করা হচ্ছে। এটি দক্ষিণ কালাবশা ডেভেলপমেন্ট এলাকার অন্তর্গত। ইজিপিসি ও অ্যাপাচি এর যৌথ উদ্যোগ এটি পরিচালনা করছে খালদা পেট্রোলিয়াম কোম্পানি।

জানা গেছে, অ্যাপাচি মিশরের পশ্চিম মরুভূমিতে গ্যাস উৎপাদন ও সম্প্রসারণে যুক্ত হয়েছে এবং সংস্থার মোট বিনিয়োগ এখন ৪০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে।

এই আবিষ্কার মিশরের নিজস্ব শক্তি উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা দেশটির বৃদ্ধি পাওয়া চাহিদা পূরণে সহায়তা করবে। মিশর ২০২৬ সালে প্রায় ১০১টি নতুন অনুসন্ধান কূপ খননের পরিকল্পনা করছে, এবং আগামী পাঁচ বছরে সমস্ত তেল ও গ্যাস উৎপাদন এলাকায় ৪৮০টির বেশি কূপ খননের লক্ষ্য রয়েছে।

এছাড়া পশ্চিম মরুভূমিতে সম্প্রতি আবিষ্কৃত অন্যান্য কূপের মধ্যে রয়েছে বিইডি ১৫-৩৫ কূপ (বদর আল-দীন পেট্রোলিয়াম কোম্পানি)। এ কূপ থেকে দৈনিক ১০–১৫ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস এবং ৩০০–৬৫০ ব্যারেল কনডেনসেট উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে মিশরে দৈনিক প্রায় ৪ দশমিক ১ বিলিয়ন কিউবিক ফুট গ্যাস উৎপাদন করছে যেখানে দেশটির চাহিদা প্রায় ৬ দশমিক ২ বিলিয়ন কিউবিক ফুট।

সূত্র: রয়টার্স/আহরাম

কেএম