জেনেভা কনভেনশনের লঙ্ঘন
লেবাননে সাদা ‘ফসফরাস’ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল
ছবি: তাসনিম নিউজ এজেন্সি
ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ লেবাননের বিভিন্ন বেসামরিক এলাকায় সাদা ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। লেবাননের আরনুন, ইয়োহমর আল-শাকিফ ও কাফর তেবনিত এলাকায় এমন বোমা হামলা চালানো হয়েছে।
সাদা ফসফরাস একটি দাহ্য অস্ত্র, যা গুরুতর দগ্ধ ও দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে। জনবসতিপূর্ণ এলাকায় এর ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বলে বিবেচিত হয়।
হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, আবাসিক এলাকায় এ ধরনের অস্ত্র ব্যবহারের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা বেসামরিক জনগণের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
বিশ্লেষকদের মতে, ব্যাপক হতাহতের ঘটনা, বাস্তুচ্যুতি এবং নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের অভিযোগ আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট-এর মতো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এসব ঘটনার তদন্ত ও বিচার হওয়া উচিত বলেও উল্লেখ করা হচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ড জেনেভা কনভেনশন-এর নীতিমালার পরিপন্থি, যেখানে বেসামরিক জনগণের ওপর হামলা ও দাহ্য অস্ত্র ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।
ইসরায়েল ২ মার্চ থেকে লেবাননে সামরিক অভিযান শুরু করে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রবণালয়ের তথ্যমতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১,০৯৪ জন নিহত এবং ৩ হাজার ১১৯ জন আহত হয়েছেন। একই সঙ্গে সাম্প্রতিক হামলায় ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানা গেছে।
কেএম