ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৪ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৭ যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
চলমান ইরান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। সর্বশেষ দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর মোট ধ্বংস হওয়া মার্কিন বিমানের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত সাতটিতে।

ইরান যুদ্ধে ৩৬৫ মার্কিন সেনা আহত: পেন্টাগন
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৩৬৫ জন মার্কিনি সেনা অভিযানে আহত হয়েছে। খবর বিবিসির।

মার্কিন পাইলট ইরানের হাতে বন্দি হলে কী হবে যুদ্ধে?
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এতদিন তুলনামূলক কম ক্ষয়ক্ষতি হয়েছিল যুক্তরাষ্ট্রের। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্র ২৮টি যুদ্ধবিমান হারায় এবং ১৬ জন পাইলট ও ক্রু ইরাকের হাতে বন্দি হন। কিন্তু সাম্প্রতিক অভিযানে কয়েকটি ঘটনা ছাড়া তেমন বড় ক্ষতি হয়নি।

মার্কিন পাইলট নিখোঁজ: ট্রাম্পের জন্য নতুন ঝুঁকি
ইরান যুদ্ধে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কারণ ভূপাতিত হওয়া একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলট এখনো নিখোঁজ এবং তাকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে ইরান। এতে যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকি আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বৈশ্বিক তেলের সংকট যেভাবে পরিণত হচ্ছে সবকিছুর সংকটে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর এক মাস পার হতে না হতেই বিশ্বজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট এখন ‘সবকিছুর সংকটে’ রূপ নিয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাস সরবরাহ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় কেবল জ্বালানির দামই বাড়েনি, বরং প্লাস্টিক, সার ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদনেও দেখা দিয়েছে চরম বিপর্যয়।

ইরানি তেল নিয়ে ভারতগামী ট্যাংকার হঠাৎ কেন চীনের পথে?
ভারতীয় উপকূলের খুব কাছাকাছি পৌঁছেও গতিপথ বদলে হঠাৎ চীনের দিকে রওয়ানা দিয়েছে ইরানি অপরিশোধিত তেলবাহী একটি ট্যাংকার। প্রায় সাত বছর পর ভারত প্রথমবার ইরান থেকে তেল আমদানির প্রক্রিয়ায় থাকলেও, শেষ মুহূর্তে এই নাটকীয় পরিবর্তন আন্তর্জাতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

ইরানে স্থল অভিযানের বিপক্ষে বেশিরভাগ মার্কিনি, যুদ্ধ নিয়ে বাড়ছে ক্ষোভ
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধ নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে। বিশেষ করে, দেশটিতে স্থল অভিযান চালানোর বিপক্ষে মত দিয়েছেন বেশিরভাগ মার্কিনি। সম্প্রতি রয়টার্স/ইপসোসের এক জরিপে উঠে এসেছে এমন তথ্য।

শিগগির হরমুজ প্রণালি চালু করবে না ইরান: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইরান খুব শিগগির এই প্রণালির ওপর থেকে তার নিয়ন্ত্রণ বা চাপ শিথিল করবে—এমন সম্ভাবনা কম।

চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে
চীনের আক্রমণের ভয় এবং বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তাইওয়ানের সাধারণ মানুষের মধ্যে বিদেশ পাড়ি জমানোর প্রবণতা বাড়ছে। যদিও তাইওয়ান সরকার প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি, বাধ্যতামূলক সামরিক পরিষেবার মেয়াদ বাড়ানো এবং যুদ্ধ মহড়ার মাধ্যমে প্রতিরোধের চেষ্টা করছে, তবে অনেক নাগরিক ব্যক্তিগতভাবে ‘নিরাপদ আশ্রয়ের’ সন্ধানে বিকল্প পথ খুঁজছেন।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিনামূল্যে গণপরিবহনের ঘোষণা
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিনামূলে গণপরিবহনের ঘোষণা দেওয়া হয়েছে। ইসলামাবাদের জন্য ফেডারেল সরকারের একই ধরনের উদ্যোগ উন্মোচনের ঘোষণার পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এই ঘোষণা দেন।

ইন্দোনেশিয়ার উত্তর উপকূলে ৬ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের দূরবর্তী তালাউদ দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

কেএএ/এমএস