সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৮ এপ্রিল ২০২৬
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ইরান: বিশ্বের বুকে নতুন পরাশক্তির উত্থান?
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে মোকাবিলা করেছে, সবচেয়ে ধুরন্ধর গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র সামাল দিয়েছে; রক্তাক্ত হয়েছে, হারিয়েছে বেশিরভাগ শীর্ষ নেতৃত্বকে- তবু ভেঙে পড়েনি। দিনের পর দিন বীরের মতো মাথা উচু করে লড়েছে, শেষ পর্যন্ত শত্রুপক্ষকে বাধ্য করেছে আলোচনার টেবিলে আসতে। ৪০ দিন আগেও যা পুরোপুরি অসম্ভব মনে হচ্ছিল, আজ সেটাই বাস্তব হয়ে ধরা দিয়েছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের দম্ভ গুঁড়িয়ে যেভাবে ‘পরাশক্তি’ হয়ে উঠলো ইরান
ইরানের ওপর অবৈধভাবে আরোপিত যুদ্ধের ৪০ দিন পার হতে না হতেই এক অভাবনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র বিনা আনুষ্ঠানিকতায় পিছু হটেছে, আর ইরান ঘোষণা দিয়েছে ‘ঐতিহাসিক বিজয়ের’। এর মাধ্যমে নিজেদের নতুন বৈশ্বিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠার দাবি তুললো তেহরান।
পাকিস্তান যেভাবে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধ থামালো
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের পক্ষ থেকে কিছু ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের একটি সূত্র বিবিসিকে জানায়, আলোচনা দ্রুতগতিতে চলছিল এবং এই প্রক্রিয়ায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল।
শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তেহরানের ১০-দফা প্রস্তাবের ভিত্তিতে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু হবে।
২৪ ঘণ্টার মধ্যেই ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’, ইরানের তেল শোধনাগারে ফের ‘হামলা’
যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরেই বুধবার (৮ এপ্রিল) ইরানের লাভান তেল শোধনাগার এবং সিরি দ্বীপে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান।
লেবাননে ১০ মিনিটে ১০০ বিমান হামলা ইসরায়েলের, কয়েকশ হতাহত
লেবাননে ভয়াবহ বিমান হামলার মাধ্যমে অভূতপূর্ব তাণ্ডব শুরু করেছে ইসরায়েল। এই হামলাকে দুই দেশের সংঘাতের ইতিহাসে অন্যতম বৃহত্তম সামরিক অভিযান হিসেবে দেখা হচ্ছে।
লেবাননে ইসরায়েলি হামলা চললে যুদ্ধবিরতি থেকে সরে আসবে ইরান
লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকলে যুদ্ধবিরতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম সূত্রের বরাতে জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননে হামলার মাধ্যমে শর্ত লঙ্ঘন চালিয়ে যায়, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে।
ইরানের বিজয়ে আনন্দ উল্লাসে ভাসছে ইরাকের মানুষ
যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি শর্ত মেনে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ইরাকের প্রধান শহরগুলোতে জমায়েত হতে থাকে হাজার হাজার মানুষ। হাজারো জনতা একত্রিত হয়ে ইরানের এই বিজয় উদযাপন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ১০ দফা শর্ত মেনে যুদ্ধবিরতি ঘোষণার পর এই আনন্দ উল্লাস করে ইরাকের সাধারণ মানুষ।
১০ দফা শর্তে ট্রাম্পের যুদ্ধবিরতি ‘ইরানের বিজয়’: দিমিত্রি মেদভেদেভ
বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ শেষ করতে ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাব নিয়ে আলোচনায় রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার ইসলামাবাদে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২ সপ্তাহের যুদ্ধবিরতি এবং ইরানের শর্তে আলোচনায় রাজি হওয়াকে ‘ইরানের বিজয়’ হিসেবে দেখা যেতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।
আবারও রণক্ষেত্র ভারতের মণিপুর, শিশুসহ নিহত ৪
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার (৭ এপ্রিল) রাজ্যের অশান্ত এলাকাগুলোতে ইন্টারনেট সেবা আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
কেএএ/