এক ব্যারেল অপরিশোধিত তেলে কতটুকু পেট্রোল মেলে?
অপরিশোধিত তেল শোধন করলে পেট্রোল ছাড়াও বিভিন্ন উপজাত মেলে/ প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি
এক ব্যারেল অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল থেকে ঠিক কতটা পেট্রোল পাওয়া যায়, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল থাকা স্বাভাবিক। মূলত শোধন প্রক্রিয়ার পর এক ব্যারেল তেল থেকে পেট্রোলের পাশাপাশি আরও অনেক প্রয়োজনীয় জ্বালানি ও উপজাত পণ্য পাওয়া যায়।
আন্তর্জাতিক পরিমাপে এক ব্যারেল অপরিশোধিত তেল বলতে ১৫৯ লিটার বা ৪২ ইউএস গ্যালন পরিমাণকে বোঝায়।
তেল শোধনাগারে এই এক ব্যারেল তেল শোধন করার পর সাধারণত যা পাওয়া যায়:
পেট্রোল/গ্যাসোলিন: প্রায় ৭৩ লিটার (১৯ দশমিক ৩৬ গ্যালন)।
অন্যান্য পণ্য: বাকি অংশ থেকে ডিজেল (৪০-৪৫ লিটার), জেট ফুয়েল (বিমানের জ্বালানি), কেরোসিন এবং লুব্রিকেন্টের মতো বিভিন্ন উপজাত তৈরি হয়।
অর্থাৎ এক ব্যারেল অপরিশোধিত তেল থেকে মোট তেলের প্রায় ৪৫–৫০ শতাংশ পেট্রোল পাওয়া যায়, বাকি ৫০–৫৫ শতাংশ মেলে অন্য জ্বালানি ও পণ্য।
আরও পড়ুন>>
তেলের দাম বাড়লে খাদ্যপণ্যের দাম কেন বাড়ে?
তেল-গ্যাস থেকে জ্বালানি ছাড়াও যেসব নিত্যপ্রয়োজনীয় জিনিস তৈরি হয়
তবে এই পরিমাণ নির্দিষ্ট না। রিফাইনারির প্রযুক্তি ও তেলের ধরন অনুযায়ী কিছুটা কম-বেশি হতে পারে। উন্নত রিফাইনারিতে পেট্রোলের উৎপাদন তুলনামূলক বেশি করা যায়।
কতদূর যেতে পারবেন?
এই হিসাবটিকে যদি আমরা একটি সাধারণ পিকআপ ট্রাকের মাইলেজের সাথে তুলনা করি (যা প্রতি লিটার তেলে গড়ে ১০ কিলোমিটার যায়), তবে ফলাফলে দেখা যাবে, এক ব্যারেল তেল থেকে উৎপাদিত পেট্রোল দিয়ে আপনি প্রায় ৭৩০ কিলোমিটার (৪৫০ মাইল) পথ পাড়ি দিতে পারছেন। এটি অনেকটা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি থেকে ওহাইওর ক্লিভল্যান্ড পর্যন্ত ভ্রমণের দূরত্বের সমান।
সহজ কথায়, আমরা যখন এক ব্যারেল তেল কিনি, তখন কেবল ১৫৯ লিটার জ্বালানি নয়, বরং তার একটি নির্দিষ্ট অংশ পেট্রোল হিসেবে এবং বাকিটা অন্যান্য অপরিহার্য জ্বালানি হিসেবে আমাদের হাতে পৌঁছায়।
সূত্র: আল-জাজিরা
কেএএ/