ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

মার্কিন গোয়েন্দা তথ্য

ইরানে যুদ্ধবিমান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র পাঠাতে পারে চীন!

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১১ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতি মধ্যেই তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তথা বিমান ধ্বংসকারী প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে চীন। এমন আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।

তবে চীনের পক্ষ থেকে এ দাবি প্রত্যাখান করা হয়েছে। সাম্প্রতিক মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধবিরতির সুযোগে ইরান তার অস্ত্রভাণ্ডার পুনর্গঠনের চেষ্টা করছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু অংশীদারের সহায়তা পাচ্ছে। বিশেষ করে চীন তৃতীয় কোনো দেশের মাধ্যমে এসব সরঞ্জাম পাঠানোর চেষ্টা করছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। প্রকৃত উৎস গোপন রাখতে চীন এই কৌশল নিয়েছে বলে জানানো হয়েছে।

উল্লিখিত অস্ত্রগুলো হলো ম্যানপ্যাডস যা কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে উড়ন্ত যুদ্ধবিমান ও হেলিকপ্টারের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত। পাঁচ সপ্তাহের সাম্প্রতিক সংঘাতে এ ধরনের অস্ত্র যুক্তরাষ্ট্রের বিমান চলাচলের জন্য ঝুঁকি তৈরি করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ওয়াশিংটনে চীনা দূতাবাস এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। এক মুখপাত্র বলেন, চীন কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করেনি এবং এ ধরনের তথ্য ভিত্তিহীন। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানায়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর কয়েক সপ্তাহের সংঘর্ষ চলে। পরবর্তীতে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটি দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সংঘর্ষে ইরানের দাবি অনুযায়ী প্রায় ২ হাজার ৭৬ জন মানুষ নিহত হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অন্তত ১৩ জন সেনা নিহত এবং আরও অনেকে আহত হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির মাঝেও যদি অস্ত্র সরবরাহের এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকলে পরিস্থিতি আবারও দ্রুত উত্তপ্ত হয়ে উঠতে পারে।

কেএম