ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

৩ নম্বর দফা: ক্ষতিপূরণ

যুদ্ধে ইরানের ক্ষতির পরিমাণ অন্তত ২৭০ বিলিয়ন ডলার: ফাতেমা মোহাজেরানি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১৪ এপ্রিল ২০২৬

সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনার সময় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। মার্কিন-ইসরায়েলি সাম্প্রতিক এই আগ্রাসনে সামরিক স্থাপনা ছাড়াও ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়।

সব মিলিয়ে এই যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ২৭০ বিলিয়ন ডলার হতে পারে। যুদ্ধবিরতির জন্য ইরানের প্রস্তাবিত ১০ দফার ৩ নম্বর দফায় ক্ষতিপূরণ দেওয়া কথা উল্লেখ করা হয়েছে। 

রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি। ফাতেমা বলেন, প্রাথমিক ও খুবই আনুমানিক হিসাবে এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ ২৭০ বিলিয়ন ডলার ধরা হচ্ছে।

তিনি আরও জানান, ইরানের অর্থনৈতিক কর্তৃপক্ষ বহু-ধাপের একটি প্রক্রিয়ার মাধ্যমে আরও নির্ভুল হিসাব নির্ধারণ করবে। এর মধ্যে প্রথম ধাপে ভবন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হবে এবং দ্বিতীয় ধাপে বাজেট রাজস্ব ক্ষতি ও শিল্পকারখানা বন্ধ থাকার প্রভাব বিশ্লেষণ করা হবে।

মোহাজেরানি বলেন, আমরা অবশ্যই আইনি উপায়ে আমাদের জনগণের অধিকার রক্ষা করব, যার মধ্যে ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিও রয়েছে।

তিনি মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার কথাও উল্লেখ করেন, যেখানে ২৮ ফেব্রুয়ারি মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৭০ জন নিহত হন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যৌথবাহিনীর হামলায় ২০৭৬ নিহত হয়েছেন এবং আহত হয়েছে ২৬ হাজারের বেশি মানুষ। একই দিনে ইসরায়েলি বাহিনী লেবাননেও বিমান হামলা চালায়। এর জবাবে ২ মার্চ হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশটিতে ইসরায়েলি হামলায় ২০৪৭ জনের বেশি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ১০ হাজারের বেশি এবং বাস্তুচ্যুত হয়েছে লক্ষাধিক মানুষ।

কে এম