নির্বাচনের আগে শ্রীলংকায় পুলিশ মোতায়েন
শ্রীলংকায় নির্বাচনের প্রাক্কালে নিরাপত্তা জোরদারে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে নির্বাচনী প্রচারণাকালে সহিংসতায় এ পর্যন্ত চারজনের প্রাণহানি ঘটেছে।
পুলিশের মহাপরিদর্শক এন.কে ইল্লাগাকন জানান, সোমবারের নির্বাচনের আগের দিন রোববার ভোট কেন্দ্র পাহারা দেয়ার জন্যে দেশজুড়ে ৬৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সতর্কাবস্থায় রাখা হয়েছে আধা সামরিক বাহিনীকেও।
এক বিবৃতিতে তিনি আরো বলেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে এবং নির্বাচনোত্তর পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করেছি।
এদিকে দুই সপ্তাহ আগে রাজধানী কলম্বোয় ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) সমাবেশে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় দুজন দলীয় কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
এছাড়া মাসব্যাপী প্রচারণাকালে পৃথক দুটি হামলায় আরো দুজন প্রাণ হারায়।
এসব ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক।
এদিকে প্রাণহানি সত্ত্বেও বেসরকারি নির্বাচনী পর্যবেক্ষকরা বলছেন, গত দুই দশকে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেসবের তুলনায় এবারে সহিংসতার মাত্রা কম।
উল্লেখ্য, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর আসনে বসতে একেবারে মরিয়া হয়ে উঠেছেন। তবে প্রেসিডেন্টসহ নানা পক্ষের বিরোধিতায় তার ক্ষমতায় ফেরা সহজ হবে না বলেই অনেকের ধারণা।
রাজাপাকসে প্রায় এক দশক ধরে ক্ষমতায় ছিলেন। গত ৮ জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে সবাইকে বিস্মিত করে তিনি হেরে যান নিজ দল ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের (ইউপিএফএ) সাধারণ সম্পাদক মাইথ্রিপালা সিরিসেনার কাছে। সিরিসেনা এর আগ পর্যন্ত একজন মন্ত্রী ও রাজাপাকসের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
দীর্ঘ ৩৭ বছরের তামিল বিচ্ছিন্নতাবাদী লড়াই অবসানে সাফল্যের জন্য সংখ্যাগরিষ্ঠ সিংহলি জনগোষ্ঠীর মধ্যে এখনো রাজাপাকসের জনপ্রিয়তা রয়েছে। বর্তমান পরিস্থিতি এমন এবার কোনো দলের পক্ষেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব নয় বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
সিংহলিদের ব্যাপক সমর্থন, নির্বাচনী সমাবেশে প্রচুর জনসমাগমের পরও রাজাপাকসের প্রধানমন্ত্রী হওয়ার পথে আরও বাধা আছে। প্রেসিডেন্ট সিরিসেনা এখন ইউপিএফএ জোটের প্রধান।
রাজাপাকসের প্রার্থিতার বিষয়ে তিনি মোটেও রাজি ছিলেন না। কাল সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হবে। ভোটার প্রায় দেড়কোটি। মঙ্গলবার ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।
একে/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কামাল খারাজির চিরবিদায়
- ২ ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
- ৩ লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় যোগ দেবে না তেহরান
- ৪ ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের আগে লেবাননে বিমান হামলা চালালো ইসরায়েল
- ৫ নিজেকে নির্দোষ দাবি করে আচমকা বক্তব্য দিলেন মেলানিয়া ট্রাম্প