চিলিতে সুনামির আঘাত
চিলিতে শক্তিশালী ভূমিকম্পের পর উপকূলের কিছু এলাকায় সুনামি আঘাত হেনেছে। এ ঘটনার পর দেশটির অন্তত ১০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
এর আগে বুধবার স্থানীয় সময় রাত ১১টার দিকে চিলির উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত পাঁচজন নিহত হয়। ভূমিকম্পটি আঘাত হানার পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উপকূল সংলগ্ন শহরগুলোতে বন্যার পানি প্রবেশ করেছে। কোকুইম্বো শহরের জনগণ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। শহরটিতে ১৫ ফুট উঁচু সুনামি আঘাত হেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৫৪ মিনিটে চিলির ইল্যাপেল শহর থেকে ৫৫ কিলোমিটার পশ্চিমে ৮ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ইল্যাপেল শহরে ভূমিকম্পে দেয়াল ধসে একজন নারী নিহত হয়েছেন। এ ছাড়া সান্তিয়াগোতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একজন মারা গেছেন। এছাড়া দেশটির কয়েকটি শহরের বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
চিলির সঙ্গে সঙ্গে পেরু, যুক্তরাষ্ট্রের হাওয়াই, ক্যালিফোর্নিয়ার বেশ কিছু এলাকা ও নিউজিল্যান্ডেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ফেব্রুয়ারিতে চিলিতে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ঘটনায় অন্তত পাঁচ শতাধিক লোকের প্রাণহানি ঘটে।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ নিরাপত্তার বিনিময়ে দনবাস অঞ্চল ছেড়ে দিতে বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি
- ২ ইরানে বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলায় রাশিয়ার তীব্র ‘ক্ষোভ’
- ৩ যুদ্ধবিরতির আগে ইরানে ৪৮ ঘণ্টার ‘চূড়ান্ত’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ৪ যৌথ বাহিনীর হামলায় বিপ্লবী গার্ডের নৌ কমান্ডারকে হত্যার দাবি
- ৫ ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর