বেক্সিমকোর ৩ কোম্পানির স্বতন্ত্র পরিচালকদের কার্যক্রমে বাধা নেই
ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে ১৯ মার্চের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলেছেন। ফলে স্বতন্ত্র ওই পরিচালকদের কার্যক্রম পরিচালনায় বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইনজীবী।
মঙ্গলবার (৪ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএসইসির করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন আদালত।
এদিন আদালতে বিএসইসির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান। সঙ্গে ছিলেন আইনজীবী আবুল কালাম আজাদ। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও কামাল উল আলম।
এর আগে বেক্সিমকো গ্রুপের আওতাধীন বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বিএসইসি। গত ৩১ ডিসেম্বর বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সই করা এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।
- আরও পড়ুন
- পুতুলের সূচনা ফাউন্ডেশনের ৪৮ কোটি টাকা অবরুদ্ধ
- হত্যাচেষ্টা মামলায় জিয়াউদ্দিনের নাম কীভাবে, প্রশ্ন পরিবারের
ওই আদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালককে জানানো হয়। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং উদ্ভূত সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ওই স্বতন্ত্র পরিচালকরা (বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মায় নয়জন এবং শাইনপুকুর সিরামিকসে সাতজন স্বতন্ত্র পরিচালক) আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
বিএসইসির ওই নিয়োগ আদেশের বৈধতা নিয়ে তিন কোম্পানির পক্ষে পৃথক তিনটি রিট করা হয়। রিটের প্রাথমিক শুনানি শেষে গত ১৩ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে তিন প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগ সংক্রান্ত আদেশের কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করা হয়।
ওই পৃথক আদেশের বিরুদ্ধে বিএসইসি আপিল বিভাগে আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে এ বিষয়ে জারি করা রুল ১৯ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে বলেন।
এফএইচ/কেএসআর/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ হত্যা মামলায় রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ
- ২ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আইন সমিতির পুষ্পস্তবক অর্পণ
- ৩ ছাত্রলীগ নেতা তারেককে ফের গ্রেফতার দেখানোর নির্দেশ
- ৪ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
- ৫ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা