বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক: আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
ফাইল ছবি
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করার প্রচলিত আইনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপনকে শাস্তিযোগ্য অপরাধ করার বিধান কেন অবৈধ, বে-আইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার (৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসান এবং মানবাধিকার সংগঠন ‘এইড ফর ম্যান ফাউন্ডেশনে’-এর পক্ষে আইনজীবী ইশরাত হাসান এ রিট দায়ের করেন।
রিটে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, দুজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের সম্মতিতে সংঘটিত শারীরিক সম্পর্ক যদি শুধুমাত্র ‘বিয়ের প্রতিশ্রুতি’ না রাখার কারণে অপরাধ হিসেবে গণ্য হয়, তবে তা ব্যক্তি স্বাধীনতা ও নারীর সম্মতির অধিকার লঙ্ঘন করে।
রিটকারীর পক্ষে বলা হয়, এ ধরনের অভিযোগে নারীকে নির্বোধ বা লোভী হিসেবে চিত্রায়িত করা হয়, যা নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও সম্মানের পরিপন্থি।
আইনজীবী ইশরাত হাসান জানান, প্রতিশ্রুতি না রাখার কারণে শুধু পুরুষের বিরুদ্ধে ফৌজদারি মামলা দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটি নাগরিক অধিকার ও ন্যায়বিচার পরিপন্থি আইন। তাই এই আইন বাতিল করার জন্য রিট দায়ের করা হয়েছে।
এফএইচ/এএমএ/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ হত্যা মামলায় রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ
- ২ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আইন সমিতির পুষ্পস্তবক অর্পণ
- ৩ ছাত্রলীগ নেতা তারেককে ফের গ্রেফতার দেখানোর নির্দেশ
- ৪ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
- ৫ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা