ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

দেবিদ্বারের দুই ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাধা নেই

প্রকাশিত: ১২:৫৪ পিএম, ৩১ মে ২০১৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ফলে ওই দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন মামলার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মো. আবুল হোসেন।

ষষ্ঠ ধাপে এই দুটি ইউনিয়নে ৪ জুলাই নির্বাচন অনুষ্ঠানের তারিখ রয়েছে। সীমানা জটিলতার কারণ দেখিয়ে উত্তর গুনাইঘর ইউনিয়নের বাসিন্দা মকবুল হোসেন সরকার নির্বাচন স্থগিত চেয়ে গত ২৫ মে হাইকোর্টে রিট দায়ের করেন। ওই আবেদনের উপর শুনানি শেষে সেদিনই নির্বাচন স্থগিতের অন্তরবর্তী আদেশ দেন হাইকোর্ট।

পরবর্তীতে নির্বাচনের উপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ স্থগিত চেয়ে সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ও দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. হুমায়ুন কবির আপিল বিভাগে আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে আজ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ।

আদালতে হুমায়ুন কবিরের পক্ষে পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট ওয়াহেদউল্লাহ ও অ্যাডভোকেট মো. আবুল হোসেন। অপরদিকে রিট আবেদনের পক্ষে ছিলেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু।

এফএইচ/এসকেডি/এবিএস