ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

হাইকোর্টের কর্মকর্তা-কর্মচারীদের ডাটাবেজ হচ্ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:২২ পিএম, ২৮ মার্চ ২০২৬

তৈরি করা হচ্ছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত, শিক্ষাগত, পারিবারিক ও চাকরি সংক্রান্ত তথ্য সম্বলিত পিডিএস (পারসোনাল ডাটা শিট)। এরই মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত, শিক্ষাগত ও চাকরি সংক্রান্ত তথ্য বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে বিভিন্ন ফাইলে ও বিভিন্ন শাখায় সংরক্ষিত রয়েছে। অনেক ক্ষেত্রে ওইসব তথ্যাবলি অসম্পূর্ণ রয়েছে বা আপডেট করা নেই।

তাছাড়া কর্মকর্তা-কর্মচারীদের পারিবারিক তথ্য অফিসে সংরক্ষিত নেই। ফলে প্রয়োজনীয় তথ্য দ্রুত অনুসন্ধান ও যাচাই করা অনেক ক্ষেত্রে সময়সাপেক্ষ হয়ে পড়ে। এছাড়া অফিসে মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন তথা-পদায়ন, পদোন্নতি, প্রশিক্ষণ, কর্মচারীদের কল্যাণমূলক সেবা দেওয়া, প্রাতিষ্ঠানিক সেবা দেওয়া ইত্যাদি ক্ষেত্রে দ্রুত ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ বিলম্বিত হয় এবং প্রশাসনিক কাজে নানান সমস্যার সৃষ্টি হয়।

আরও পড়ুন
শিক্ষায় বদলের হাওয়া, ‘চমকে ভরা’ ১৮০ দিনের পরিকল্পনা 
বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 

এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত, শিক্ষাগত, পারিবারিক ও চাকরি সংক্রান্ত তথ্যাবলি একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে। এ লক্ষ্যে অনলাইনে একটি পারসোনাল ডাটা শিট প্রস্তুত করলে প্রয়োজনীয় তথ্য দ্রুত ও সহজে পাওয়া যাবে। এর ফলে মানবসম্পদ ব্যবস্থাপনা আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর হবে এবং প্রশাসনিক কার্যক্রম সহজ ও গতিশীল হবে।

এ অবস্থায় হাইকোর্ট বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত, শিক্ষাগত, পারিবারিক ও চাকরি সংক্রান্ত তথ্য সংযুক্ত ফরমে পূরণ করে সই ও ছবিসহ আগামী ৭ এপ্রিলের মধ্যে দাখিল করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

এফএইচ/কেএসআর