ই-ক্যাবের ২৬ জুলাইয়ের নির্বাচন হাইকোর্টে স্থগিত
দেশের ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ২৬ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।
নিয়োগ পাওয়া প্রশাসক নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করার কথা থাকলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করেছেন। ফলে এ বোর্ড গঠনও স্থগিত করেছেন আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার গোলাম নবী। তার সাথে ছিলেন অ্যাডভোকেট এ কে এম খলিল উল্লাহ ও অ্যাডভোকেট তরিকুল ইসলাম। এর আগে ই-ক্যাবের আনোয়ার সাদাত নামে এক ভোটার নির্বাচন স্থগিত চেয়ে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।
আইনজীবী একেএম খলিল উল্লাহ জাগো নিউজকে বলেন, ই-ক্যাবে স্বৈরাচারের দোসরদের সহযোগীরা এখনো বহাল রয়েছে। তাদের নিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে।
গত ২০ জুলাই ই ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী ই-ক্যাবের ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
গত ৩১ মে ই-ক্যাব নির্বাচন হওয়ার কথা থাকলেও ১৪ মে এক চিঠিতে নির্বাচন স্থগিত করে ই-ক্যাবের নির্বাচন বোর্ড। সে সময় এ বিষয়ে ক্ষোভও প্রকাশ করেছিলেন সংগঠনটির সদস্য ও প্রার্থীরা।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ‘টিম ইউনাইটেড’ ও ‘টিম টাইগার’ নামের দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ প্রার্থী।
এফএইচ/এমকেআর/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ
- ২ শিশু আয়ানের মৃত্যু: সেই তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ৩ ঢাবি শিক্ষার্থীকে মারধরের মামলায় ৩ জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
- ৪ জামায়াত আমিরের এক্স হ্যাকড: বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন
- ৫ মিথ্যা রায় দিয়েছে, যারা আগুন লাগিয়েছে তাদের ধরেনি: মালেক