স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা: রিমান্ড শেষে আসামি বিল্লাল কারাগারে
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার আসামি বিল্লালকে (২৯) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দ্বিতীয় দফায় মোট দশ দিনের রিমান্ড শেষে বিল্লালকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
এসময় মামলার তদন্ত এখনো শেষ না হওয়ায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ পিয়াস আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, ১২ জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বিল্লালকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম দফায় সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ১৯ জানুয়ারি দ্বিতীয় দফায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাত হোসাইন মোহাম্মদ জুনায়েদ তার তিনদিনের রিমান্ড অনুমোদন দেন।
গত ৭ জানুয়ারি রাজধানীর তেজতুরী বাজার এলাকার স্টার কাবাবের পেছনের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুসাব্বির (৪৫)। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চার থেকে পাঁচজনকে আসামি করে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এমডিএএ/এমকেআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ: সংসদে উঠলে ভাগ্যে কী আছে?
- ২ নিবন্ধনবিহীন শিক্ষকের এমপিও বাতিল ও সুপারিশপ্রাপ্তকে নিয়োগ কেন নয়
- ৩ চুক্তিপ্রক্রিয়ার বৈধতার রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল আদেশ বৃহস্পতিবার
- ৪ সাবেক মন্ত্রী জাবেদ ও তার স্ত্রীসহ ৩৬ জনের বিচার শুরু
- ৫ এসবি ইন্সপেক্টর আব্দুর রবসহ দুজনের আয়কর নথি জব্দের নির্দেশ