ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

দুদকের মামলায় সাবেক প্রতিমন্ত্রী ফরহাদকে গ্রেফতার দেখালেন আদালত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (১ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পর ঢাকা মহানগর বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম সাবেক প্রতিমন্ত্রী ফরহাদকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে ফরহাদ হোসেন অবৈধভাবে এক কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৫ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।

আবেদনে আরও বলা হয়, ফরহাদ হোসেন বর্তমানে অন্য একটি মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। জামিনে মুক্তি পেলে তিনি আত্মগোপনে চলে যেতে পারেন কিংবা দেশত্যাগের ঝুঁকি রয়েছে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এই মামলায় তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন ছিল।

এর আগে, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়। ওই সময় থেকে তিনি কারাগারেই আছেন।  

এমডিএএ/এমএমকে