রূপপুর প্রকল্পে ‘নিয়োগে অনিয়ম’ তদন্তে হাইকোর্টের নির্দেশ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প/ছবি: জাগো নিউজ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ছয় কর্মকর্তার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি সচিবকে প্রধান করে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানের জন্য কমিটিকে আগামী আট সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন আদালত। ওই সময়ের মধ্যে অনুসন্ধানের ব্যাপারে আদালতে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্ত না করায়, তাদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে একটি রুলও জারি করেছেন আদালত।
এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (২২ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ শিবলী।
সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিনা বেগমের জনস্বার্থে করা রিট আবেদনের পর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেন।
আবেদনকারীর আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ শিবলী জানান, ২০১৯ ও ২০২৩ সালে সরকারের দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বিভিন্ন পদে মিরাজ আল মামুন, রবিউল আলম, আল মামুন, এ কে এম নজমুল হাসান, মুশফিকা আহমেদ এবং আবু কায়সারকে নিয়োগ দেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের পর্যাপ্ত কাজের অভিজ্ঞতা ছিল না।
আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ শিবলী আরও বলেন, ‘তাদের নিয়োগ একটি অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে, যা তদন্ত করা প্রয়োজন। এ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়ম থাকতে পারে।’
এফএইচ/এমএমকে
সর্বশেষ - আইন-আদালত
- ১ রূপপুর প্রকল্পে ‘নিয়োগে অনিয়ম’ তদন্তে হাইকোর্টের নির্দেশ
- ২ হবিগঞ্জে সিলিকা বালু উত্তোলনকারীদের তালিকা করতে নির্দেশ হাইকোর্টের
- ৩ মশা নিধন চেয়ে ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে নোটিশ
- ৪ যে কোনো সংসদ সদস্য প্রথম অধিবেশনে স্পিকারের দায়িত্ব পালন করতে পারবেন
- ৫ ডিএমপি কমিশনারসহ ১১ জনের বিচার শুরু