চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ফারুক দুদিনের রিমান্ডে
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত/ছবি আশিকুজ্জামান
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ফারুক ওরফে কাইল্লা ফারুককে হত্যাচেষ্টা মামলায় দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালতে তাকে হাজির করা হলে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই রাজু আহম্মেদ আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিন প্রার্থনা করেন। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানির সময় বিচারক আসামির পেশা এবং মামলার বাদীর সঙ্গে পরিচয় আছে কি না জানতে চাইলে ফারুক বলেন, তার একটি পিকআপ রয়েছে এবং তিনি জমি-সংক্রান্ত ব্যবসা করেন। চাঁদাবাজির অভিযোগ ওঠা স্থানে গত এক সপ্তাহে তিনি যাননি বলেও দাবি করেন। মামলার বাদী রাসেলকে তিনি চেনেন না বলে আদালতে জানান।
এর আগে রোববার বিকেলে কেরানীগঞ্জ থানার কলাতিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার বাদী মো. রাসেল, যিনি মোহাম্মদপুরের একজন ব্যবসায়ী। এজাহারে বলা হয়, গ্রিনভিউ হাউজিং এলাকায় মাদক ব্যবসা বন্ধে উদ্যোগ নেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, কয়েকদিন আগে বছিলা রোডে ফুটপাতের দোকানিদের কাছে চাঁদা দাবি করা হলে রাসেল ও তার সহযোগীরা বাধা দেন। এতে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এজাহার অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি বিকেলে সাতজন নামীয় ও আটজন অজ্ঞাত ব্যক্তি অস্ত্রসহ ওই এলাকায় এসে রাসেল ও তার সহযোগীকে মারধর করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
ঘটনার পর রোববার মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়। ফারুককে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এমডিএএ/বিএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি
- ২ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়া নিয়ে রুল
- ৩ চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ফারুক দুদিনের রিমান্ডে
- ৪ নির্বাচিত সরকার বিভিন্ন পদে পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক
- ৫ দেশের সব পরিত্যক্ত নলকূপ ভরাট করতে হাইকোর্টের নির্দেশ