সাবেক সচিব নজরুল ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (১ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো আবেদনে বলা হয়েছে সাবেক এই সচিবের বিরুদ্ধে উদ্দীপন এনজিওর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ, ঘুষ ও বদলি বাণিজ্য, বিদেশে অর্থ পাচার এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য কমিশনের একজন কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং বিষয়টি বর্তমানে অনুসন্ধানাধীন।
দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশত্যাগ করে বিদেশে পলায়নের চেষ্টা করতে পারেন। এমন তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে। ফলে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ প্রয়োজন বলে কমিশন মনে করে। এ সংক্রান্ত প্রস্তাবে কমিশনের অনুমোদনও রয়েছে বলে আদালতকে জানানো হয়।
আবেদনপত্রে তার স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টসংক্রান্ত তথ্যসহ প্রয়োজনীয় পরিচিতি বিবরণ সংযুক্ত করা হয়।
শুনানি শেষে আদালত নজরুল ইসলাম খানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদানের আদেশ দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা বাস্তবায়নের নির্দেশ দেন।
দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে কমিশন প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবে।
এমডিএএ/এমআইএইচএস