আসামি হিসেবে জিয়াউল আহসানের ‘সম্মান’ চাইলেন আইনজীবী
মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান/ফাইল ছবি
গুম-খুনের মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের রায় না হওয়া পর্যন্ত আসামি হিসেবে তাকে ‘যথাযথ সম্মান’ জানাতে বললেন তার বোন ও আইনজীবী নাজনীন নাহার।
রোববার (১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে শুনানিকালে তিনি এ আর্জি জানান। প্যানেলের অন্য সদস্য ছিলেন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন বিচারকার্যের শুরুতে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে অভিনন্দন জানান বিচারপতি গোলাম মর্তূজা। এরপর নতুন চিফ প্রসিকিউটরের সামনে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে নিয়ে মন্তব্য করেন আইনজীবী নাজনীন নাহার।
নতুন চিফ প্রসিকিউটরকে অভিনন্দন জানিয়ে আইনজীবী নাজনীন নাহার বলেন, আগের শুনানিতে অনেক গালগল্প বলা হতো। তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলা হতো, যা আদালতের সঙ্গে মানানসই নয়। এখানে একজন আসামি (জিয়াউল আহসান) রয়েছেন। রায় না হওয়া পর্যন্ত তাকে যেন যথাযথ সম্মান দেওয়া হয়। আশা করি আদালত আসামির মর্যাদা রাখবেন।
চিফ প্রসিকিউটরের উদ্দেশে তিনি বলেন, এটি একটি আদালত। আমরা চাই আদালত তেমনই হোক যেমনটা আশা করি। কারণ, অতীতে তথা আগের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সময় যেসব কিছুর মুখোমুখি হয়েছি, সেসব যেন আর না হতে হয়।
এসময় চিফ প্রসিকিউট বলেন, প্রসিকিউটররা বিশেষ কোনো সুবিধা পান বলে আমি মনে করি না। অতএব আদালতের মর্যাদা ক্ষুণ্ণ হবে এমন কিছু হবে না।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় একমাত্র আসামি জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পর তৃতীয় দিনের মতো জেরার মুখোমুখি হয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।
এফএইচ/এমকেআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ ফলাফল বাতিল ও ফের নির্বাচন চেয়ে হাইকোর্টে বিএনপি প্রার্থীর আবেদন
- ২ ১৭ বছরে ১৩৫৫৮৫ কারাবন্দিকে আইনি সহায়তা দিয়েছে লিগ্যাল এইড
- ৩ সাবেক সমন্বয়ক রিয়াদসহ চারজনকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ
- ৪ আসামি হিসেবে জিয়াউল আহসানের ‘সম্মান’ চাইলেন আইনজীবী
- ৫ সাবেক এমপি শাহ আলমের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ