ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

ইফতারে গিয়ে আটক সাবেক এমপি শাহ আলম কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১০ মার্চ ২০২৬

 

কোনো অভিযোগ বা মামলা না থাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহ আলম কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন তার আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব।

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে অংশ নিতে গেলে উপস্থিত কিছু লোক তাকে চিনে বিক্ষোভ দেখান। পরে খবর পেয়ে রমনা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

পরদিন ১ মার্চ আদালতে হাজির করে পুলিশ তাকে কারাগারে আটক রাখার আবেদন করে। ওই আবেদনে বলা হয়, তিনি আওয়ামী লীগ সরকারের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

তবে পরবর্তী যাচাই-বাছাইয়ে সাবেক এই এমপির বিরুদ্ধে কোনো মামলা, জিডি বা অভিযোগ না থাকার বিষয়টি সামনে আসে। এ বিষয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন রমনা মডেল থানার এসআই নবী হোসেন।

আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব জানান, প্রতিবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে মুক্তির আদেশ দেন। আদেশ অনুযায়ী আজ মঙ্গলবার তিনি কারামুক্ত হন।

৭৮ বছর বয়সী শাহ আলম নবম জাতীয় সংসদে পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এমডিএএ/এমকেআর