মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক ২ এপ্রিল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানুল হক ইনু/ফাইল ছবি
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২ এপ্রিল দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১০ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আদালতে এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও সহিদুল ইসলাম সরদার। আসামিপক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার সিফাত মাহমুদ।
ব্যারিস্টার সিফাত মাহমুদ জাগো নিউজকে বলেন, শারীরিক অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে হাজির হতে চাননি হাসানুল হক ইনু। এরপরও তাকে জোর করে আনা হয়েছে। তবে, তাকে মামলা চলাকালে কাঠগড়ায় আনা হয়নি, তিনি হাজতখানায় ছিলেন। নিজের বিরুদ্ধে আনা প্রসিকিউশনের অভিযোগের জবাবে ইনু আদালতে মৌখিকভাবে বক্তব্য রাখতে চেয়েছিলেন, তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। আমরা ইনুর ৬৪ পৃষ্ঠার লিখিত বক্তব্য আদালতে উপস্থাপন করেছি।
গত বছরের ১ ডিসেম্বর এই মামলায় প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে ওই বছরের ২৫ সেপ্টেম্বর, সুনির্দিষ্ট আটটি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। সেদিনই শুনানি শেষে ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এরই মধ্যে প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
২০২৪ সালের ২৬ আগস্ট গ্রেফতার হন ইনু। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় পরে তাকে গ্রেফতার দেখানো হয়। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইনু। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় নিজ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান তিনি।
এফএইচ/বিএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক ২ এপ্রিল
- ২ সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি, সামনেও মেনে চলবো: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ জুলাই সনদ পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৪ প্রসিকিউটরদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি
- ৫ লোভ-লালসার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, না হয় চলে যেতে হবে