প্রতিবেশীর বিড়াল হত্যায় ৬ মাসের কারাদণ্ড
ছবি: সংগৃহীত
ঢাকার মোহাম্মদপুরে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী আকবর হোসেন শিবলুকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে আসামি আকবর হোসেন শিবলুকে ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এজন্য আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলার এজাহার সূত্র বলছে, মনসুর ও শিবলু মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা। গত বছরের ৫ ফেব্রুয়ারি পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষ থেকে নাফিসা নওরীন চৌধুরী আদালতে বিড়াল হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।
পরে তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে। এরপর গত বছরের ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়।
মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয় গত ২ ডিসেম্বর। চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন ধার্য করেন। প্রথমে ১৭ ফেব্রুয়ারি রায়ের তারিখ নির্ধারণ করা হলেও পরে তা পিছিয়ে বুধবার রায় ঘোষণা করা হয়।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার বাসিন্দা মনসুরের পোষা বিড়ালটি হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত আকবর হোসেন শিবলু বিড়ালটিকে লাথি মারছেন।
ফুটেজে দেখা যায়, লাথির আঘাতে বিড়ালটি নিস্তেজ হয়ে পড়ে থাকলেও অভিযুক্ত পা দিয়ে চাপ দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতে মামলাটি দায়ের করা হয়।
এমডিএএ/এসএনআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ ঢাকা-৫ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির প্রার্থী নবী
- ২ কুষ্টিয়া-৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপি প্রার্থী রুমী
- ৩ গাইবান্ধা-৫ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির প্রার্থী
- ৪ এনবিআর কর্মকর্তা সাধন কুমার কুন্ডুর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
- ৫ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই