ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

তুরস্কে চিকিৎসার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়, কারাগারে ৫ প্রতারক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৪ মার্চ ২০২৬

তুরস্কে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কিডনি রোগীদের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার প্রতারক চক্রের পাঁচ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

কারাগারে পাঠানো আসামিরা হলেন নুরুজ্জামান রাজু (৩৬), মোহাম্মদ তরিকুল (৩০), সালমান ফারসি (৩৫), মাসুম বিল্লাহ (৪৩) ও ওয়ালিদ মিয়া (২৬)।

শনিবার (১৪ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, গতকাল গ্রেফতারদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আবেদন মঞ্জুর করে পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মামলার অভিযোগে বলা হয়, ‘তার্কিশডক’ নামের একটি প্রতিষ্ঠানের সাবেক কর্মীর পরিচয় ব্যবহার করে একটি ভুয়া ওয়েবসাইট খোলা হয়। ওই ওয়েবসাইটের মাধ্যমে তুরস্কে কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে শতাধিক বাংলাদেশির কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগীদের একজন নিরব নজরুল লিখন জানান, গত ফেব্রুয়ারিতে তার মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য নুরুজ্জামান রাজুর সঙ্গে ২৩ হাজার মার্কিন ডলারে চুক্তি করেন। পরে মাকে নিয়ে তুরস্কে গেলে বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে প্রায় ৫০ লাখ টাকা নেওয়া হয়। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কিডনি প্রতিস্থাপন না করেই তাদের দেশে ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় প্রতারিত হয়ে গত ১০ মার্চ ঢাকার শ্যামপুর থানায় একটি মামলা করেন নিরব নজরুল লিখন।

এমডিএএ/এএমএ