গুমের মামলা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ
শেখ হাসিনা/ফাইল ছবি
আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ মে দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বুধবার (২৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন। প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা ব্যারিস্টার তানভীর জোহা এমন তথ্য নিশ্চিত করেন।
গত বছরের ৬ জানুয়ারি প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় শেখ হাসিনা, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকীসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন সূত্র মতে, হাসিনার ১৫ বছরের শাসনামলে তার সরাসরি তত্ত্বাবধানে আওয়ামী লীগ শাসনামলে গুম সংঘটিত হয়েছে। গুমের জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ হিসেবে দায় নিতে হবে। গুম অবস্থা থেকে যাদের ছেড়ে দেওয়া হয়েছে, সেটাও শেখ হাসিনার নির্দেশে হয়েছে। একজন ব্যক্তির ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য এসব গুম সংঘটিত হয়েছে।
প্রসিকিউশন সূত্র জানায়, গুমের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধ। আওয়ামী লীগ সরকারের সময় বছরের পর পর বছর শত শত মানুষকে আয়নাঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। গুমের জন্য পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের বিদেশে পাঠানো, প্রমোশন দেওয়াসহ নানা প্রলোভন দেখানো হতো। এবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার নিশ্চিত করে বাহিনীগুলোকে দায়মুক্ত করা হবে।
গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দুটি মামলায় বিচার চলছে। র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও ডিজিএফআই পরিচালিত জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুমের ঘটনায় দুটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।
জেআইসিতে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, বর্তমান ও সাবেক ১২ সেনা কর্মকর্তা আসামি। টিএফআই সেলে গুমের অন্য মামলায় শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জন আসামি।
এফএইচ/বিএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ গুমের মামলা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ
- ২ ‘নবীন’ পাঞ্জাবির দোকান চালুর নির্দেশ, ওসিকে শোকজ
- ৩ রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
- ৪ কারও ন্যায়বিচারে বাধা দেবো না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল
- ৫ মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখাতে দুদকের আবেদন, ৯ এপ্রিল শুনানি