ফটোশুটের নামে বাসায় ডেকে ‘শ্লীলতাহানি’, গায়ক জাহিদ অন্তু কারাগারে
গায়ক জাহিদ অন্তু/ফাইল ছবি
রাজধানীর গুলশানে ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এদিন আসামি জাহিদ অন্তুকে আদালতে হাজির করে গুলশান থানার এসআই কে এম রাশিদুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ইডেন কলেজের ওই শিক্ষার্থীর সঙ্গে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিটার শেখার সময় জাহিদ অন্তুর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সম্পর্কে ফাটল ধরে ও উভয়ের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
অভিযোগে বলা হয়, সম্প্রতি একটি পণ্যের ফটোশুটের কথা বলে জাহিদ ভুক্তভোগী শিক্ষার্থীকে তার বাসায় ডেকে নেন। নির্ধারিত দিনে গুলশানের বাসায় গেলে তিনি শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে তাকে শারীরিকভাবে যৌন নিপীড়ন করেন। এতে বাধা দিলে তাকে মারধর করা হয়।
পরে ভুক্তভোগী কৌশলে সেখান থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
এ ঘটনায় করা মামলার ভিত্তিতে বুধবার সকালে গুলশান অ্যাভিনিউ এলাকা থেকে জাহিদ অন্তুকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
এমডিএএ/এমকেআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ পরিবারের কাছে ফেরার আকুতি বরখাস্ত পুলিশ কনস্টেবল শোয়াইবুরের
- ২ স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আটক তাহমিনার কোনো অপরাধের প্রমাণ পায়নি ডিবি
- ৩ ফটোশুটের নামে বাসায় ডেকে ‘শ্লীলতাহানি’, গায়ক জাহিদ অন্তু কারাগারে
- ৪ ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও তিন প্রার্থী
- ৫ জেআইসিতে গুম: সাক্ষী ইকবাল চৌধুরীকে আসামিপক্ষের জেরা ৯ এপ্রিল