অ্যাটর্নি জেনারেল
বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করলে ন্যায়বিচারের অধিকার সুনিশ্চিত হয়
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে অ্যাটর্নি জেনারেল/ছবি: ফেসবুক থেকে নেওয়া
বিচার বিভাগ যখন স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করে তখন মানুষের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার সুনিশ্চিত হয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
রোববার (৫ এপ্রিল) বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিচার বিভাগ অত্যন্ত স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করে থাকে। বিচার বিভাগ যখন স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করে থাকে তখন মানুষের ন্যায়বিচার প্রাপ্তির যে অধিকার সে অধিকারটি সুনিশ্চিত হয়।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পূর্ববর্তী তিনটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল। এই নির্বাচনের মাধ্যমে আবার বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। গণতন্ত্রের এই যাত্রা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি বাংলাদেশে সুশাসন সুনিশ্চিত হবে এবং যখন সুশাসন সুনিশ্চিত হবে তখন মানুষের মৌলিক অধিকার হিসেবে ন্যায়বিচার প্রাপ্তির অধিকার সুরক্ষিত হবে।

রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, বাংলাদেশে সাংবিধানিকভাবে রাষ্ট্রের তিনটি অঙ্গ স্বতন্ত্রভাবে কাজ করবে। তবে কার্যক্রমের ক্ষেত্রে তারা পরিপূরক হিসেবে কাজ করবে এটা মনে রাখতে হবে। রাষ্ট্রের নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং বিচার বিভাগ স্বতন্ত্রভাবে কাজ করবে। যখনই স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে তখন গণতন্ত্র সুসংহত হবে।
এদিন বিকেল ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরের সমাধি কমপ্লেক্সে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অ্যাটর্নি জেনারেল। পরে মোনাজাতে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করেন অ্যাটর্নি জেনারেল। এসময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূইয়া ও ব্যারিস্টার আরশাদুর রউফ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা উপস্থিত ছিলেন।
গত ২৫ মার্চ দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। পরদিন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে অ্যাটর্নি জেনারেল মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এফএইচ/ইএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করলে ন্যায়বিচারের অধিকার সুনিশ্চিত হয়
- ২ ট্রাইব্যুনালে কাঁদলেন শহীদের বাবা, স্বামী হত্যার বিচার চান স্ত্রী
- ৩ অর্ধকোটি টাকা লুট: সাবেক ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের কারাদণ্ড
- ৪ মানবাধিকার কমিশনে নিয়োগের বৈধতা ও নিয়োগ স্থগিত চেয়ে রিট
- ৫ ডেলিভারিতে স্ত্রীর পাশে থাকার অনুমতি পেলেন সাবজেলে থাকা সেনা কর্মকর্তা