হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর ফাহিম, কারাগারে প্রেরণ
হত্যাচেষ্টা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত/ছবি জাগো নিউজ
বৈষম্যবিরোধী আন্দোলনে মাসুদ হোসাইন নামে একজনকে হত্যাচেষ্টা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এদিন আসামি ফাহিমকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন আবেদনটির পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশি পাহারায় তাকে হাজতখানায় নেওয়া হয়।
আরও পড়ুন
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক
গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা এলাকা থেকে ফাহিমকে আটক করে জনতা ও কিছু শিক্ষার্থী। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাকে গুলশান থানায় নেওয়া হয়। পরদিন (৩০ মার্চ) গুলশান থানায় দায়ের করা মো. ইমরান হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরের বছিলা এলাকায় র্যাব কোয়ার্টারের সামনে আন্দোলনকারীরা মিছিল করছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাসুদ হোসাইন নামে এক ব্যক্তি আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক জটিলতা দেখা দিলে অস্ত্রোপচারও করতে হয়।
ঘটনার পর গত বছরের ১০ জুলাই মাসুদ হোসাইন রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনকে আসামি করা হয়েছে।
এমডিএএ/বিএ