হাসিনার মামলায় ‘১২০০০ কোটি টাকা লেনদেন’ দাবি করে পোস্ট, নারী আটক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল/ফাইল ছবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার বিচারকে ঘিরে প্রায় ১২ হাজার কোটি টাকা লেনদেনের দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে প্রসিকিউটর তানভীর জোহার নেতৃত্বে একটি টিম রাজধানীর মিরপুর-১০ নম্বরের সেনপাড়া এলাকা থেকে অভিযুক্ত এমএইচ পাটােয়ারীর স্ত্রী ইসমত জেরিনকে আটক করে। সংশ্লিষ্ট সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, আটকের সময় ইসমত জেরিনের কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক ডিজিটাল পরিদর্শনে দেখা যায়, উদ্ধার করা মোবাইল থেকে এমএইচ পাটোয়ারী বাবু নামীয় একটি পাবলিক ফিগার ফেসবুক প্রোফাইলে সক্রিয় প্রবেশাধিকার ছিল।
ইসমত জেরিন ও পাটোয়ারী বাবু অ্যাকাউন্টটি পরিচালনা ও নিয়ন্ত্রণ করতেন বলে জানা গেছে।
প্রসিকিউশন সূত্রমতে, ওই অ্যাকাউন্ট ব্যবহার করে এমন কিছু বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে, যা প্রাথমিকভাবে ট্রাইব্যুনালের প্রতি অবমাননাকর মন্তব্য হিসেবে বিবেচিত হয় এবং বিচারিক কর্তৃত্বকে খর্ব করে।
এক্ষেত্রে উদ্ধারকৃত ডিভাইসের আলোকচিত্রভিত্তিক নথিপত্র, সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডিভাইসের দখলগত সংযোগ, সক্রিয় ব্যবহারের নির্দেশক যোগাযোগের চিহ্নসমূহকে প্রমাণ হিসেবে দাবি করে প্রসিকিউশন সূত্র।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনার মামলাকে ঘিরে প্রায় ১২ হাজার কোটি টাকা লেনদেনের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় পাটোয়ারী বাবু নামে একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
আদালত অবমাননার অভিযোগের বিষয়টি আমলে নিয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। একই সঙ্গে ওই পোস্টে লাইক-কমেন্ট ও শেয়ারকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
এফএইচ/ইএ