ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

টাকা নিয়ে হাসিনাকে মৃত্যুদণ্ড, ফেসবুকে পোস্টের দায়ে যুবলীগ নেতার সাজা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪০ পিএম, ১২ এপ্রিল ২০২৬

বিভিন্ন দেশে থেকে ১২ হাজার কোটি টাকা নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—এ সংক্রান্ত বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়ে আদালত অবমাননার দায়ে এম এইচ পাটোয়ারী বাবু নামের এক যুবলীগ নেতার দুই মাসের সশ্রম কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে তার স্ত্রীকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এমন কোনো পোস্ট না করা হয় সেজন্যে তাদের সতর্ক করা হয়েছে।

এম এইচ পাটোয়ারী বাবু ছাত্রলীগের সাবেক সহসভাপতি। বর্তমানে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক। তাঁর বাসা রাজধানীর মিরপুরের সেনপাড়ায়।

রোববার (১২ এপ্রিল) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচবারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। অন্যদিকে আসামীপক্ষে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট মাহাবুবুর রহমান খান ও শুনানিতে আসামিপক্ষে অংশ নেন আইনজীবী এমএ নোমান। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, সুলতান মাহমুদ, আবদুস সাত্তার পালোয়ান, ব্যারিস্টার তানভির জোহা, শাইখ মাহদী, মঈনুল করিম ও তারেক সিাদ্দকীসহ অন্যরা।

শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, আমাদের ট্রাইব্যুনাল নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যা অত্যন্ত বেদনাদায়ক। তা সত্ত্বেও মানবিক দিক বিবেচনা করে আমরা এই আসামির জন্য নিঃশর্ত ক্ষমার আবেদন জানাচ্ছি।

এম এইচ পাটোয়ারী বাবু নামের ফেসবুক আইডি থেকে সম্প্রতি (৪ এপ্রিল) একটি পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ১২ হাজার কোটি টাকা ‘খাওয়ার’ উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও বানোয়াট পোস্ট প্রচার করা হয়েছিল বলে আদালতকে পোস্টকারী নিজে স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এতে তার গুরুতর অপরাধ হয়েছে বলেও স্বীকার করেন তিনি।

দণ্ডিত যুবলীগ নেতা ও তার স্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছিলেন। তারা দুজনই আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তবে, যুবলীগ নেতা এম এইচ পাটোয়ারীকে কারাগারে নেওয়া হয়েছে। এদিন বিকেল সাড়ে ৩টার পর এ বিষয়ে শুনানি শুরু হয়। প্রথমেই বাবুর স্ত্রী ইসমাত আরার জবানবন্দি নেওয়া হয়। তিনি এ ঘটনার জন্য নিজেকে অপরাধী দাবি করে ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চান। পরে নেওয়া হয় আসামির জবানবন্দি।

জবানবন্দিতে আসামি পাটোয়ারী বাবু নিজের ফেসবুক পেজ থেকে দেওয়া বিতর্কিত পোস্টটি পড়ে শোনান। এসময় তিনি দাবি করেন, অন্য একটি আইডি থেকে লেখাটি কপি করে তিনি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক পোস্ট বা বক্তব্য দেবেন না বলে অঙ্গীকার করে তিনি ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

আসামির জবানবন্দি শেষে এ মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহার বক্তব্য শোনেন ট্রাইব্যুনাল।

এফএইচ/এমকেআর