চিফ প্রসিকিউটর
শাপলা চত্বরের হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামি করা হতে পারে
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন/ফাইল ছবি
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যা ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হতে পারে। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের ওই ঘটনায় তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
বুধবার( ১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের ঘটনায় তার (সাবেক আইজিপি মামুন) বিরুদ্ধে সাক্ষ্য–প্রমাণ পাওয়া যাচ্ছে। ওই নারকীয় হত্যাকাণ্ড গোটা পৃথিবীর মানুষের বিবেককে নাড়া দিয়েছিল। আসলে এ ঘটনায় কারা আসামি হতে যাচ্ছেন, তা এখনই প্রকাশ করতে পারছি না। তবে পুলিশের তৎকালীন আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ অনেক কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে একটি মামলায় গত বছরের ১৭ নভেম্বর চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। বর্তমানে তিনি কারাভোগ করছেন।
ওই মামলার রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই দুই আসামি বর্তমানে ভারতে আছেন।
র্যাবে থাকাকালে ক্রসফায়ারের ঘটনায়ও সাবেক আইজিপি মামুনের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, গুমের ঘটনায়ও তার সংশ্লিষ্টতা মিলছে। যে মামলায় তার সম্পৃক্ততা পাওয়া যাবে, তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের এ মামলায় যাদেরই সম্পৃক্ততা মিলবে, আমরা তাদেরই আইনের আওতায় আনবো। তিনি সিভিলিয়ান কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে-ই হোক, নারকীয় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। আমরা প্রত্যেককেই বিচারের আওতায় নিয়ে আসবো।
শাপলা চত্বরের ঘটনায় করা মামলায় আগামী ৭ জুন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এ মামলায় তদন্ত প্রতিবেদন জমা এবং আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে বলেও জানান চিফ প্রসিকিউটর।
এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক (টুকু), মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলামসহ অনেকেই আসামি হিসেবে আছেন।
এফএইচ/এমকেআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ শাপলা চত্বরের হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামি করা হতে পারে
- ২ তাজুল ইসলামের সঙ্গে বসবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউটর
- ৩ ‘এটা ওপরের অর্ডার, আমি গুলির কথা লিখতে পারবো না’
- ৪ কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচন করার সুযোগ চেয়ে সুমনের রিট
- ৫ ‘পুলিশে জনগণের আস্থা নেই’—মন্তব্য করা সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে রিট