ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

ইয়াবা মামলার তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

নারায়ণগঞ্জ বন্দর এলাকার পুলিশের উপ পরিদর্শকের বাসা থেকে ৪৯ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় সিআইডির তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্টে ওই কর্মকর্তার হাজির নিশ্চিত করতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদকে নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে এ ঘটনায় ইয়াবা কারবারির সঙ্গে সশ্লিষ্টতার অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামের বর্তমান অবস্থা জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।

ইয়াবার মামলায় আটক আসামি পুলিশ সদস্য আসাদুজ্জামানের জামিন শুনানিকালে রোববার (২৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদকে আদালত বলেন, আপনি কেমন আইন কর্মকর্তা যে তদন্ত কর্মকর্তা আপনার ফোন ধরেনি। এ সময় আদালত আগামীকাল সোমবার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তদন্তকারী সিআইডি কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ৭ মার্চ নারায়ণগঞ্জ ডিবি পুলিশ সদর থানার একজন এএসআই মোহাম্মদ সরওয়ার্দীর বাসা থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও পাঁচ লাখ টাকা উদ্ধার করে। পরে এ ঘটনায় মামলা হয়। ওই মামলার আসামি পুলিশ সদস্য আসাদুজ্জামান ও মোহাম্মদ সরওয়ার্দী আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দি দিয়ে বলেন, এটি তারা নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে করেছেন। তার নির্দেশেই টাকা ও ইয়াবা রেখে আসামিদের ছেড়ে দেয়া হয়।

এফএইচ/এএইচ/জেআইএম

আরও পড়ুন