হেরোইন রাখায় একজনের যাবজ্জীবন
হেরোইন রাখার অপরাধে রাজধানীর পল্লবীর চাঁন মিয়া (৫০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।
রায় ঘোষণার সময় চাঁন মিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। চাঁন মিয়া পল্লবী থানার ১১ নম্বর সেকশনের বি-ব্লকের মিল্লাত ক্যাম্পের মৃত মোহাম্মাদ আলীর ছেলে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মিল্লাত ক্যাম্পের ফায়জানে ইমাম হুসাইন জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে হেরোইনসহ অবস্থান করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গ্রেফতার হন চাঁন মিয়া। পরে তার দেহ তল্লাশি করে পলিথিনে প্যাঁচানো অবস্থায় এক হাজার ৩৫০ পুরিয়া হেরোইন পাওয়া যায়। এসব হেরোইনের আনুমানিক ওজন ১৫০ গ্রাম।
এ ঘটনায় পল্লবী থানার উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ২০১৮ সালের ২২ মার্চ একই থানার উপ-পরিদর্শক মুহাম্মাদ মুমিনুর রহমান চাঁন মিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। একই বছর ৩ জুন আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। চার্জশিটভুক্ত ৬ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় পাঁচজন সাক্ষ্য দেন।
জেএ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাজারীবাগে হত্যা: স্ত্রী ও সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ড
- ২ সাবেক মন্ত্রী নুরুজ্জামানকে দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ
- ৩ সাবেক এমপি আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
- ৪ গুলশানে ফ্ল্যাট নেওয়ার মামলায় টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ৫ সাবেক এমপি কাজিমের আয়কর নথি জব্দের নির্দেশ