ফখরুলের জামিনের আদেশ মঙ্গলবার
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাস্থ্যগত প্রয়োজনীয় তথ্য (মেডিকেল রিপোর্ট) আদালতে জমা দিয়েছেন আজ সোমবার। আগামীকাল (মঙ্গলবার) তার স্থায়ী জামিনের বিষয়ে আদেশ ঘোষণা করবেন আদালত। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ফখরুলের আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমন।
এর ফলে রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা তিন মামলায় মির্জা ফখরুলকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না -তা জানতে চেয়ে হাইকোর্টের জারি করা রুলের আদেশ তৃতীয়বারের মতো পেছালো। সোমবার হাইকোর্টের বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি খসরুজ্জমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তৃতীয় দিনের মতো পিছিয়ে এ দিন ধার্য করেন।
শুনানিতে ফখরুলের পক্ষে ছিলেন- সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
গত ৯ নভেম্বর রুল শুনানির জন্য আজকের (সোমবার) দিন ধার্য করেছিলেন আদালত। এর আগে গত ২ নভেম্বর মির্জা ফখরুলকে আত্মসমর্পণ করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরের দিন ৩ নভেম্বর (মঙ্গলবার) মির্জা ফখরুল নিম্ন (বিচারিক) আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মির্জা ফখরুল ইসলামকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে গত ২১ জুন রুল জারি করেন হাইকোর্টের একটি বেঞ্চ। রাজধানীর বিভিন্ন থানায় তিন মামলার জামিন আবেদন হাইকোর্টের জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার আদেশ দেন আদালত।
উল্লেখ্য, নাশকতা, উস্কানি ও পরিকল্পনা অনুযায়ী পল্টন ও মতিঝিল এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের ঘটনায় গত ৪ ও ৬ জানুয়ারি এসব মামলা দায়ের করে ওই দুই থানা পুলিশ। গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করেছিল পুলিশ।
এফএইচ/আরএস/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ দায়িত্ব নিলেন নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ২ গুমের মামলা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ
- ৩ ‘নবীন’ পাঞ্জাবির দোকান চালুর নির্দেশ, ওসিকে শোকজ
- ৪ রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
- ৫ কারও ন্যায়বিচারে বাধা দেবো না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল