পাঁচ বছরে আদালতে ৩০ হাজার ২৭২ ধর্ষণ মামলা
দেশের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত পাঁচ বছরে ৩০ হাজার ২৭২টি মামলা দায়ের হয়েছে বলে হাইকোর্টের নির্দেশে আসা এক প্রতিবেদনে জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে পাঠানো ২০২০ সালের ২১ অক্টোবরের পূর্বমুহূর্ত পর্যন্ত পাঁচ বছর সময়ের এমন তথ্য উঠে এসেছে।
এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের পক্ষ থেকে প্রতিবেদন ১৫ জুলাইয়ের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত বিষয়ে শুনানির নির্ধারিত দিনে বুধবার (৩০ জুন) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে ওই প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এদিন পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকেও একটি প্রতিবেদন দাখিল করা হয়। সেই সঙ্গে আগামী ১৫ জুলাই পরবর্তী শুনানির জন্য দিন রেখেছেন আদালত।
আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আইনজীবী অনীক আর হক, সঙ্গে ছিলেন আইনজীবী মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
আইনজীবী অনীক আর হক সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দাখিল করা প্রতিবেদনে এসেছে ধর্ষণের অভিযোগে গত পাঁচ বছরে ৩০ হাজার ২৭২টি মামলা আদালতে দায়ের হয়েছে। পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকে দাখিল করা প্রতিবেদনে ধর্ষণের ঘটনায় সালিস রোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বলা হয়েছে।
তিনি বলেন, অপর বিবাদীদের পক্ষ থেকে প্রতিবেদন এখনও আসেনি। আইন সচিব, সমাজকল্যাণ সচিব এবং নারী ও শিশুবিষয়ক সচিবের পক্ষ থেকে প্রতিবেদন ১৫ জুলাইয়ের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। সেই সঙ্গে ওই দিন পরবর্তী শুনানির জন্য দিন রেখেছেন আদালত।
এ বিষয়ে আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী মো. শাহীনুজ্জামান সাংবাদিকদের বলেন, পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকে দাখিল করা প্রতিবেদনে জেলাভিত্তিক বর্ণনা উল্লেখ রয়েছে। খুলনা বিভাগের ১০টি জেলায় ২০১৬ সাল থেকে গত বছর পর্যন্ত এক হাজার ৮০২টি ধর্ষণ মামলা হয় বলে প্রতিবেদনে এসেছে। এর মধ্যে এক হাজার ৫৯৭টি বিচারাধীন, ১৮৪টি তদন্তাধীন ও ৩৬টিতে চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে।
এছাড়াও টাকার বিনিময়ে কোনো ধর্ষণ মামলার মীমাংসা হয়নি উল্লেখ করে পটুয়াখালী ও পিরোজপুর জেলার (২০১৫-১৯) মামলার পরিসংখ্যান রয়েছে প্রতিবেদনে। টাকার বিনিময়ে যাতে ধর্ষণ মামলা নিষ্পত্তি না করা হয়, আদালতের রায় ও নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়ার কথা বলা রয়েছে প্রতিবেদনে।
এছাড়াও আদালতের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নজরদারি অব্যাহত আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ধর্ষণের মতো শাস্তিযোগ্য অপরাধের ক্ষেত্রে মধ্যস্থতা, সালিস বা মীসাংসা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং ইতিপূর্বে এ বিষয়ে দেয়া তিনটি রায়ের নির্দেশনা বাস্তবায়ন চেয়ে গত বছরের ১৯ অক্টোবর আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে একটি রিট আবেদন করা হয়।
এর শুনানি নিয়ে গত বছরের ২১ অক্টোবর আদালত রুলসহ আদেশ দেন। ধর্ষণের ঘটনায় সালিস বা মীমাংসা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে সেদিন হাইকোর্ট ধর্ষণের ঘটনায় গত পাঁচ বছরে সারাদেশের থানা, আদালত ও ট্রাইব্যুনালে কতগুলো মামলা হয়েছে, তা জানিয়ে প্রতিবেদন দিতে বলেন। এর ধারাবাহিকতায় প্রতিবেদন জমা পড়ে।
এফএইচ/বিএ/এমকেএইচ
সর্বশেষ - আইন-আদালত
- ১ গ্রাম আদালত আইন কেন বাতিল ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল
- ২ হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি
- ৩ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়া নিয়ে রুল
- ৪ চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ফারুক দুদিনের রিমান্ডে
- ৫ নির্বাচিত সরকার বিভিন্ন পদে পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক