খালাস পেলেন সাংবাদিক প্রবীর সিকদার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় সাংবাদিক প্রবীর সিকদারকে খালাস ঘোষণা করে রায় দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করেন।
এর আগে চলতি বছরের ২২ মার্চ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১ এপ্রিল দিন ধার্য করেন বিচারক আস সামছ জগলুল হোসেন। ওইদিন রায় ঘোষণা না করে বিচারক রায়ের জন্য ১১ এপ্রিল নতুন দিন ঠিক করেন। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে আদালতের বিচারিক কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়। সম্প্রতি বিচারকাজ স্বাভাবিক হলে আলোচিত এ মামলার রায় ঘোষণার জন্য ৯ সেপ্টেম্বর তারিখ ঠিক করেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তৎকালীন এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে একটি স্ট্যাটাস দেন সাংবাদিক প্রবীর সিকদার।
এ ঘটনায় ছয়দিন পর ১৬ আগস্ট তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল। ওই রাতেই গ্রেফতার হন প্রবীর সিকদার। পরে তাকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়। একই বছরের ১৯ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।
এরপর ২০১৬ সালের ১৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ৪ আগস্ট প্রবীর সিকদারের বিরুদ্ধে চার্জ গঠন করেন সাইবার ট্রাইব্যুনাল।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধীরা প্রবীর সিকদারের বাবাসহ তার পরিবারের ১৪ জনকে নির্মমভাবে হত্যা করে। ২০০১ সালে দৈনিক জনকণ্ঠের ফরিদপুর প্রতিনিধি থাকাকালে রাজাকারদের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন লেখার পর সন্ত্রাসীদের হামলায় তাকে একটি পা হারাতে হয়। প্রবীর সিকদার বর্তমানে দৈনিক বাংলা ৭১, অনলাইন পত্রিকা উত্তরাধিকার-৭১ নিউজ ও ত্রৈমাসিক পত্রিকা উত্তরাধিকারের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেএ/এমকেআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ গ্রাম আদালত আইন কেন বাতিল ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল
- ২ হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি
- ৩ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়া নিয়ে রুল
- ৪ চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ফারুক দুদিনের রিমান্ডে
- ৫ নির্বাচিত সরকার বিভিন্ন পদে পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক