নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চাইলেন বাবর
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মোহাম্মদ শহিদুল ইসলামের আদালতে আত্মপক্ষ সমর্থনে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর আদালত যুক্তি উপস্থাপনের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
এদিন কারাগারে থাকা আসামি বাবরকে আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ পড়ে শোনান। এ সময় বিচারক তাকে প্রশ্ন করেন, আপনি দোষী না নির্দোষ? উত্তরে তিনি নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথবাহিনীর হাতে আটক হন বাবর। ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলা করা হয়। মামলাটি করেন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম। তদন্ত শেষে ওই বছরের ১৬ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক রূপক কুমার সাহা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে বাবরের বিরুদ্ধে সাত কোটি পাঁচ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ করা হয়। তিনি দুদকে ছয় কোটি ৭৭ লাখ ৩১ হাজার ৩১২ টাকার সম্পদের হিসাব দাখিল করেছিলেন। তার অবৈধ সম্পদের মধ্যে প্রাইম ব্যাংক ও এইচএসবিসি ব্যাংক দুটি এফডিআরে ছয় কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ২১৮ টাকা ও বাড়ি নির্মাণ বাবদ ২৬ লাখ ৪২ হাজার ৬৭৮ টাকা গোপনের কথা উল্লেখ করা হয়। একই বছরের ১২ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
জেএ/বিএ/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাজারীবাগে হত্যা: স্ত্রী ও সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ড
- ২ সাবেক মন্ত্রী নুরুজ্জামানকে দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ
- ৩ সাবেক এমপি আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
- ৪ গুলশানে ফ্ল্যাট নেওয়ার মামলায় টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ৫ সাবেক এমপি কাজিমের আয়কর নথি জব্দের নির্দেশ