গাড়ি পোড়ানোর মামলা
বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইশরাক হোসেন/ফাইল ছবি
রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরি সময়ের আবেদন নামঞ্জুর করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ মামলায় গত ৬ এপ্রিল দুপুর ১২টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
গ্রেফতারের পরই তাকে আদালতে হাজির করা হয়। ইশরাকের আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে ওইদিনই কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তামান্না ফারহার আদালত। ১২ এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আরও পড়ুন: বিএনপি নেতা ইশরাক গ্রেফতার
এ মামলায় ইশরাক জামিনে ছিলেন। আজ তিনি আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করলে আদালত নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষ্যে আসামিরা একত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে গাড়িতে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
আরও পড়ুন: ইশরাকের জনসংযোগে হামলা, গাড়ি-ভাঙচুর
এ ঘটনায় বিএনপি নেতা ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক আতাউর রহমান ভুইয়া।
জেএ/ইএ/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ
- ২ একুশে বইমেলা কেন ‘ফাল্গুনি বইমেলা’ নামে করা হবে না, হাইকোর্টের রুল
- ৩ রমজানে মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত
- ৪ সনি র্যাংগসের এমডিসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ৫ নাসা গ্রুপের এমডি নজরুলের স্ত্রীর স্থাবর সম্পত্তি জব্দের আদেশ